হাত-পা বাঁধা অজ্ঞান দুই ব্যক্তি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের মগপুকুর এলাকায় অজ্ঞান অবস্থায় হাত-পা বাঁধা দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে পুলিশ তাঁদের উদ্ধার করে।

উদ্ধার হওয়া দুই ব্যক্তির নাম সেলিম (৪৫) ও বোরহান (৪০)। তাঁদের বাড়ি মাদারীপুরে। তাঁদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সকাল সাড়ে নয়টার দিকে সেলিমের জ্ঞান ফিরলেও শেষ খবর পাওয়া পর্যন্ত বোরহানের জ্ঞান ফেরেনি।

কুমিরা হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট জিল্লুর রহমান জানান, সকালে কুমিরা হাইওয়ে পুলিশের টহলদল মহাসড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় ওই দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। তিন ঘণ্টা পর সেলিমের জ্ঞান ফিরলে তিনি তাঁদের দুজনের নাম বলতে পারেন। অসুস্থতার কারণে তিনি (সেলিম) এর বেশি কিছু বলতে পারেননি। 

জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সেলিম ও বোরহান অপহূত হয়ে থাকতে পারেন। অজ্ঞান পার্টির খপ্পরে পড়লে হাত-পা বাঁধা থাকার কথা নয়। অপহরণের পর মুক্তি দিয়ে নাকি অন্য কারণে ফেলে গেছে, তা বোঝা যাচ্ছে না।’

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সা কর্মকর্তা রাবেয়া আক্তার প্রথম আলোকে বলেন, ‘তাঁদের শরীরে চেতনানাশক দেওয়া হয়েছে। এখন অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ২৪ ঘণ্টা পার না হলে সঠিকভাবে কিছু বলা যাবে না।’