হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ইসলামগঞ্জ খাল থেকে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালী-কুমিল্লা মহাসড়কসংলগ্ন ওই খালে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। এরপর পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের পরনে জিনসের প্যান্ট ও গায়ে নীল রঙের গেঞ্জি ছিল। জানতে চাইলে লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ। প্রথম আলোকে তিনি বলেন, ধারণা করা হচ্ছে, সোমবার রাতের কোনো এক সময় ওই যুবককে অন্য কোথাও হাত-পা বেঁধে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা। ওসি আরও জানান, লাশ উদ্ধারের পরই এ বিষয়ে বিভিন্ন থানায় তারবার্তা পাঠানো হয়েছে। এ ছাড়া লাশের পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।