হাত-পা বেঁধে গৃহবধূকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের টাকা দিতে না পারায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হাপানিয়া গ্রামের শাহনাজ (২০) নামের এক গৃহবধূকে হাত-পা বেঁধে পিটিয়ে ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পাকুন্দিয়া থানায় গৃহবধূর শ্বশুর, শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, নয় মাস আগে হাপানিয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে সৌদিপ্রবাসী রুবেল মিয়ার সঙ্গে পাশের পাগলা থানার কান্দাপাড়া গ্রামের মৃত শাহাব উদ্দিনের মেয়ে শাহনাজের বিয়ে হয়। বিয়ের দুই মাস পর রুবেল আবার সৌদি আরবে চলে যান। এর পর থেকেই শাশুড়ি পারুল বেগম (৪০) ও শ্বশুর আলাউদ্দিন (৪৫) যৌতুকের টাকার জন্য শাহনাজকে বিভিন্নভাবে নির্যাতন করেন। শাহনাজের বাবা গরিব হওয়ায় যৌতুকের দাবি মেটাতে ব্যর্থ হন। এরই জের ধরে গত বুধবার দিনভর ওই গৃহবধূর ওপর নির্যাতন করে শ্বশুর-শাশুড়িসহ শ্বশুরবাড়ির লোকজন। তাঁরা শাহনাজের হাত-পা বেঁধে বেধড়ক পিটিয়ে গুরুতর জখম করেন। একপর্যায়ে তাঁর মাথার চুলও কেটে দেন। শাহনাজের চিৎকারে প্রতিবেশী খোকন মিয়া ও রিপন মিয়া ওই বাড়িতে গেলে তাঁদেরও মারধর করেন অভিযুক্ত ব্যক্তিরা। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে পাকুন্দিয়া থানার পুলিশ গিয়ে গৃহবধূকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। থানার ওসি মো. হামঞ্চাদ হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।