হাত-পা বেঁধে জেলেদের সাগরে নিক্ষেপ করছে জলদস্যুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে জলদস্যুদের হামলা বেড়ে গেছে। গত ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনে কক্সবাজার শহর, মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফ ও সেন্ট মার্টিনের উপকূলে মাছধরা ও মালবোঝাই ১৫টি ট্রলারে ডাকাতির খবর পাওয়া গেছে। সাগরে একাধিক সশস্ত্র দল জেলে ও মাঝিদের জিম্মি করে মাছ, জাল, মালামাল ও ট্রলারের ইঞ্জিন লুট করছে। অনেক ক্ষেত্রে জেলেদের মারধর করে হাত-পা বেঁধে ফেলে দিচ্ছে সাগরে। এ ব্যাপারে কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান প্রথম আলোকে জানান, জেলেরা মাছ নিয়ে উপকূলে ফিরবেন দূরের কথা, তাঁদের জীবন রক্ষাই কঠিন হয়ে পড়েছে। জলদস্যুদের কারণে প্রায় এক লাখ জেলে আতঙ্কে আছেন। জেলেরা জানান, গত ২৫ মে ভোররাতে সোনাদিয়া উপকূলে মহেশখালীর কুতুবজোম এলাকার সিরাজ উল্লাহর ট্রলারে ডাকাতি হয়। দস্যুরা ট্রলারের ১৯ জেলেকে হাত-পা বেঁধে সাগরে ফেলে দেয়। পরে অপর একটি মাছধরার ট্রলার সাগরে ভাসমান অবস্থায় তাঁদের উদ্ধার করে কক্সবাজার শহরে নিয়ে আসে। ওই ট্রলারের জেলে আবদুল কাদের প্রথম আলোকে জানান, ১৬ জন জলদস্যু একটি ট্রলার নিয়ে তাঁদের জিম্মি করে কয়েক লাখ টাকার মাছ ও জাল লুট করে। ১০ জনকে প্রচণ্ড মারধর করে ১৯ জেলেকে সাগরে ফেলে দেয়। ২৫ মে গভীর রাতে টেকনাফ ও সেন্ট মার্টিন উপকূলে টেকনাফের মিস্ত্রিপাড়ার নবী হোসেন ও বাহারছড়ার খলিল মিয়ার দুটি ট্রলারে ডাকাতি হয়। ডাকাতদের বেদম প্রহারে আহত হন দুই ট্রলারের ১৮ জন জেলে। একই দিন মহেশখালীর কালারমারছড়া এলাকায় চকরিয়ার মগনামা এলাকার একটি ট্রলার লুট হয়। ট্রলারের মালিক কক্সবাজার সদরের ইসলামপুরের মুহাম্মদ ইউনুস জানান, ধলঘাটা থেকে এক হাজার মণ লবণ নিয়ে ইসলামপুর লবণ মিলে আনার পথে ট্রলারটি দস্যুদের কবলে পড়ে। ট্রলারের মাঝি কামাল আহমদ জানান, দস্যুদের বেদম মারধরে তিনিসহ পাঁচজন আহত হন। গত ২৮ মে বিকেলে চকরিয়ার বদরখালী থেকে মহেশখালীর ধলঘাটা যাওয়ার পথে সাগরে মালবোঝাই দুটি ট্রলার লুট হয়। পরের দিন রাতে দস্যুরা একটি লবণবোঝাই ট্রলারে হানা দিয়ে নগদ টাকা, মোবাইল সেট ও ইঞ্জিন লুট করে। আহত জেলে ও বোট মালিক সমিতির নেতারা জানান, ভারী অস্ত্রশস্ত্র থাকায় জেলেরা দস্যুদের প্রতিরোধও করার সাহস পান না।অনুসন্ধানে জানা গেছে, মহেশখালীর পুটিবিলার ডাকাতসর্দার কালু মাঝির (বর্মাইয়া কালু) নেতৃত্বে সোনাদিয়া সাগর উপকূলে ট্রলারে লুটপাট চালানো হয়। কালু বাহিনী গত ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনে ১০টির বেশি ট্রলারে লুটপাট চালায়। কালুর দলের বেশির ভাগ সদস্য মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর। তাঁর লুণ্ঠিত মাছ, ইঞ্জিন ও জাল বেচাবিক্রি করেন সোনাদিয়ার মোকারম ও আনজু নামের দুই ব্যক্তি। সাগরে জলদস্যুদের তৎপরতা বৃদ্ধির সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) নুরে আলম জানান, গভীর সাগরে নেমে দস্যুদের ধরার মতো জলযান পুলিশ বাহিনীতে নেই। তারপরও পুলিশ সম্প্রতি সাগরের উপকূল, পাহাড় ও স্থলে অভিযান চালিয়ে সাগরে দস্যু তৎপরতায় জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে।