হাত-পা বেঁধে দম্পতিকে শ্বাসরোধে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাইচকুড়ি গ্রামে গত শুক্রবার গভীর রাতে হাত-পা বেঁধে এক বৃদ্ধ দম্পতিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তিরা হলেন গৃহকর্তা হাকিম আলী মৃধা ও তাঁর স্ত্রী হাজেরা বেগম।পুলিশ ও নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, এই দম্পতির তিন ছেলে ইতালি ও মালয়েশিয়া-প্রবাসী। হাকিম (৯৫) তাঁর স্ত্রী হাজেরাকে (৮৫) নিয়ে কাইচকুড়ি গ্রামের ওই দোতলা বাড়িতে বসবাস করতেন। গতকাল শনিবার সকালে মূল ফটক খোলা না পেয়ে গৃহপরিচারিকা মমতাজ বেগম পেছন দিয়ে বাড়ির ভেতরে ঢোকেন। তিনি শয়নকক্ষের খাটের ওপর ওই দম্পতির মৃতদেহ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে ডাকেন। পরে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ ধারণা করছে, শুক্রবার গভীর রাতে একদল দুর্বৃত্ত ওই ভবনের গ্রিল কেটে ভেতরে ঢোকে। দুর্বৃত্তরা ভবনের নিচতলার শয়নকক্ষে ঢুকে শাড়িকাপড় দিয়ে হাকিম ও তাঁর স্ত্রীর হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। এ ছাড়া দুটি আলমারি ভেঙে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।খবর পেয়ে শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) এ কে এম শহিদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর ও সহকারী পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) আবুল হাসনাত ঘটনাস্থল পরিদর্শন করেন।গৃহপরিচারিকা মমতাজ প্রথম আলোকে বলেন, তিনি শুক্রবার সকাল আটটা পর্যন্ত ওই বাড়িতে কাজ করেন। এরপর গতকাল সকালে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় লাশ দুটি খাটে পড়ে থাকতে দেখেন।নিহত হাকিম আলীর পুত্রবধূ মাসুদা বেগম বলেন, তিনি দুই সন্তান নিয়ে তাঁদের পুরাতন বাড়িতে থাকেন। তাঁর শ্বশুর-শাশুড়ি ওই বাড়িতে থাকতেন। এখানে অন্য কেউ থাকেন না। তাঁদের কোনো শত্রু ছিল না।ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সাহা গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। এটি নিছক ডাকাতি, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।