হাত-পা বেঁধে নদীতে নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরি করতে যাওয়ার প্রস্তাবে রাজি না হওয়ায় হাত-পা বেঁধে এক তরুণকে আড়িয়াল খাঁ নদে ফেলে দিয়েছে তাঁর সহযোগী। এর তিন ঘণ্টা পর এলাকাবাসী তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এভাবে মৃত্যুর মুখ থেকে ফিরে এলেও ওই তরুণকে এখন থাকতে হচ্ছে কারাগারে।তরুণের নাম বাদশাহ সিকদার (২৫)। তিনি চরকমলাপুর এলাকার কাশেম সিকদারের ছেলে। সহযোগী ইমরান তাঁকে হত্যার উদ্দেশ্যে নদীতে ফেলে দিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার রাতে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বাদশাহ বলেন, ‘আমারে শুক্রবার রাইতে দত্তপাড়ার ইমরান চর এলাকায় পানির কল চুরি করতে যাইতে কইছিল। আমি যাইতে রাজি অই নাই। পরে আমারে ইমরান আড়িয়াল খাঁ নদের পারের বাচামারা এলাকায় নিয়া যায়। এশার আজানের সময় জাদু দেহার কথা কইয়া ও (এরমান) আমার হাত-পায়ে লোহার শেকল পেঁচাইয়া তালা লাগায়। আর কয় আমি ফুঁ দিলে শেকল খুইলা যাইব। পরে ও আমারে নদীতে ধাক্কা দিয়া হালাইয়া দেয়।’বাদশাহ আরও জানান, নদীতে পড়ার পর তিনি পানিতে ডুবে যেতে থাকেন। একপর্যায়ে বাঁচার জন্য তিনি তাঁর হাতের শিকল খুলে ফেলেন। এরপর ভাসতে ভাসতে তিনি প্রায় ১০ কিলোমিটার দূরে শিবচরের বহেরাতলা এলাকায় চলে আসেন। পরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে এলাকাবাসী তাঁকে উদ্ধার করেন। নাম প্রকাশে অনিচ্ছুক বহেরাতলা এলাকার কয়েকজন জানান, শুক্রবার রাত ১১টায় হঠাৎ বাঁচাও বাঁচাও চিৎকার শুনে তাঁরা ট্রলার নিয়ে আড়িয়াল খাঁ নদে গিয়ে শিকল দিয়ে পা বাঁধা অবস্থায় তাঁকে পানিতে ভাসতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়।শিবচর থানা সূত্রে জানা গেছে, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে শুক্রবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) কয়েকজন পুলিশ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে বাদশাহকে থানায় নিরাপত্তা হেফাজতে আনা হয়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, কথিত চোর ইমরানকে আটক করার জন্য শুক্রবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে। বাদশাহ জানিয়েছেন, তিনিও একজন চোর। তাই তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।