হাত-পা বেঁধে পাথর চাপা দিয়ে মারধর
নেত্রকোনার কেন্দুয়ায় যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে রোজিনা আক্তার (১৯) নামে এক গৃহবধূর ওপর নির্যাতন এবং গুরুতর আহতাবস্থায় তিন দিন বাড়িতে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে গৃহবধূর বাবার বাড়ির লোকজন গত রোববার বিকেলে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।হাসপাতালে গিয়ে দেখা যায়, রোজিনার সারা শরীরে জখমের চিহ্ন। আহত রোজিনা বলেন, ‘সারা শরীলে বেদনা।’ তিনি আরও বলেন, ‘আমার স্বামী ৫০ হাজার টেহা চায়ছিল। তারে ২০ হাজার পর্যন্ত দিতে চাইছি, তবু সে মানে না। হেই কথা লইয়া শাশুড়ি, ননদ ও দেবর মিলা আমারে মারছে।’গৃহবধূর বাবার বাড়ির লোকজন জানান, উপজেলার মোজাফ্ফরপুর ইউনিয়নের ছয়দুন গ্রামের আবদুল হামিদের ছেলে সুমন মিয়ার সঙ্গে বছর খানেক আগে কান্দিউড়া ইউনিয়নের বেজগাতী গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে রোজিনার বিয়ে হয়। ওই সময় বরকে যৌতুক হিসেবে দুই দফায় ৭০ হাজার টাকাসহ যাবতীয় আসবাব দেওয়া হয়। তার পরও স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন আরও ৫০ হাজার টাকার দাবিতে রোজিনার ওপর নির্যাতন শুরু করে। গত বৃহস্পতিবার রাতে স্বামী সুমনের কথামতো শাশুড়ি রেহানা বেগম, ননদ হারুলা আক্তার ও দেবর বাবর মিয়া প্রথমে রোজিনার হাত-পা ও মুখ বেঁধে শরীরের নিচের অংশ শিলপাটা ও পাথর দিয়ে চাপা দেয়। এরপর তাঁকে নির্মমভাবে পেটায়। পরে তাঁকে বাড়িতে আটকে রাখা হয়। একপর্যায়ে খবর পেয়ে গত রোববার বিকেলে রোজিনার মা রোকেয়া বেগম লোকজন নিয়ে মেয়েকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত মেয়ের পাশে বসা রোকেয়া বেগম বলেন, ‘আমি এর বিচার চাই।’কর্তব্যরত চিকিৎসক মো. নুরুল হুদা খান বলেন, রোজিনার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে ফুলে গেছে।আবাসিক চিকিৎসক (আরএমও) মো.সাইফুল ইসলাম বলেন, ‘আমিই তাঁকে (রোজিনা) গুরুতর আহতাবস্থায় ভর্তি করি। তখন অবস্থা আশঙ্কাজনক ছিল।’কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর শেখ বলেন, নির্যাতিত গৃহবধূর পরিবারকে থানায় মামলা দিতে পরামর্শ দেওয়া হয়েছে।রোজিনার স্বামীর পরিবারের সদস্যদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।