হাত-পা বেঁধে মাদ্রাসা ছাত্রকে পিটুনি
পটুয়াখালীর বাউফলে অতিরিক্ত ফি নেওয়ার বিষয়ে জানতে চাওয়ায় অষ্টম শ্রেণীর এক মাদ্রাসাছাত্রকে হাত-পা বেঁধে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার উপজেলার বাশারবাদ চাবুয়া ছালেহিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।ওই ছাত্রের নাম মো. শাহজাহান (১৩)। সে ধাউরাভাঙ্গা গ্রামের ইউসুফ আলী মৃধার ছেলে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শাহজাহান অভিযোগ করে, রমজানের বন্ধের আগ তাদের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফরম পূরণ করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০০ টাকা নেওয়া হয়। পরে সে জানতে পারে বোর্ড-নির্ধারিত ফির চেয়ে তার কাছ থেকে কমপক্ষে ৩০০ টাকা অতিরিক্ত নেওয়া হয়েছে। ঈদের পর গত সোমবার তাদের মাদ্রাসায় পাঠদান শুরু হয়। ওই দিন সে অধ্যক্ষের কাছে তার কাছ থেকে অতিরিক্ত ফি কেন নেওয়া হয়েছে, তা জানতে চায়। এতে ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষ ও তাঁর ছেলে আবু ছালেহ হাত-পা বেঁধে তাকে পিটুনি দেন। অধ্যক্ষ আবদুল আজিজ মিয়া দাবি করেন, একটু বেশিমাত্রায় মারধর করা হয়েছে। তবে হাত-পা বেঁধে নয়। তা ছাড়া তার চিকিৎসার খরচ দিয়ে দেওয়া হয়েছে। বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) আবুল কালাম আজাদ জানান, শিক্ষার্থীদের মারধর করার বিধান নেই। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।