হাত বদলে আলুর দাম বাড়ছে কয়েক গুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বেসরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করেন রমজান আলী। গতকাল শুক্রবার সকালে সবজি কেনার জন্য এসেছেন ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি বাজারে। আলুর দাম জিজ্ঞেস করতেই দোকানি আবদুল আজিজের ঝটপট উত্তর—গ্যানুলা ১২, কার্ডিনাল ১৮ ও দেশি (পাকড়ি) আলুর কেজি ২০ টাকা।
দাম শুনে পাশে দাঁড়িয়ে থাকা সদর উপজেলার রাজাগাঁও গ্রামের আলুচাষি হুমায়ুন কবির ভিরমি খেলেন। এরপর বলতে লাগলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) পাইকারদের কাছে ৬০ বস্তা (প্রতি বস্তা ৮৪ কেজি) আলু ১৭ হাজার ৫৪০ টাকায় বিক্রি করেছি। সেই হিসাবে প্রতি কেজি আলুর দাম পড়ে ৩ দশমিক ৪৮ টাকা। সেই আলু বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০ থেকে ১২ টাকায়, যা কৃষকের তুলনায় তিন গুণ বেশি।’
কয়েকজন চাষি বলেন, প্রতি কেজি আলু উৎপাদনের পেছনে তাঁদের ৮ টাকার বেশি খরচ হয়। তাঁরা প্রতি কেজি আলু বিক্রি করছেন ৩ থেকে ৪ টাকায়। চাষিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও মুনাফা পাচ্ছেন ফড়িয়ারা। ৩ থেকে ৪ টাকায় মাঠ থেকে কেনা আলু বিক্রি হচ্ছে ১২ টাকায়।
কৃষকের আলু পাইকার (যিনি খেত থেকে আলু কিনে আড়তে আনেন), আড়তদার ও খুচরা বিক্রেতা হয়ে ভোক্তার কাছে গিয়ে পৌঁছায়। এই তিন হাতবদলের পর মাঠের ৪ টাকার আলু শহরের বাজারে হয়ে যাচ্ছে ১০ থেকে ১২ টাকা।
শহরের পাইকারি সবজি আড়তে গত বুধবার সকালে গিয়ে দেখা যায়, সবজিচাষিরা রিকশা, ভ্যান, নসিমন ও করিমনে করে নানা ধরনের সবজি বিক্রির জন্য নিয়ে এসেছেন। আড়তদারেরা নিজেদের নির্ধারিত দরে সেই সবজি কিনে নিচ্ছেন। চাষিদের কাছ থেকে আড়তদারেরা আলু কেনার পর তা খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন। সবজি আড়তদার জাহাঙ্গীর আলম বলেন, তাঁরা গ্যানুলা ৫, কার্ডিনাল ১০ ও দেশি আলু ১২ টাকায় বিক্রি করেছেন। অথচ কালীবাড়ি বাজার, গোধূলি বাজার ও বাসস্ট্যান্ড বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি গ্যানুলা ১০ থেকে ১২, কার্ডিনাল ১৭ থেকে ১৮ ও দেশি আলু ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বালিয়াডাঙ্গীর রত্নাই গ্রামের আলুচাষি শহীদ উদ্দিন বলেন, এক কেজি গরুর মাংস কিনতে আমাকে সাড়ে তিন মণ আলু বিক্রি করতে হয়েছে। ঠাকুরগাঁওয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আরশেদ আলী বলেন, চাহিদার তুলনায় সরবরাহ বেশি হওয়ায় বাজারে আলুর দাম অস্বাভাবিকভাবে পড়ে গেছে।