হাত বদলে সবজির দাম দ্বিগুণ
ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব পারপূগী গ্রামের কৃষক মোহাম্মদ কালাম করলা বিক্রি করতে গত শুক্রবার সকালে শহরের সবজি আড়তে আসেন। আড়তদারেরা প্রতি মণ করলা ৬০ টাকা দাম বলেন। বেশি দামের আশায় ঘণ্টা দুয়েক অপেক্ষা শেষে উপায় না দেখে আড়তদারের বেঁধে দেওয়া দামেই রিকশা-ভ্যানভর্তি করলা বিক্রি করে বাড়ি ফেরেন তিনি।
কালাম বলেন, ‘আড়তদাররা সব এক হয়ে দাম কম কহে, কাহ দাম বাড়াবা চাহে না। কম দামে নিবার পর ওইলা ব্যবসায়ীর কাছত দুগনা দামে বিকাছে।’
কালামের কাছ থেকে করলা কিনে আড়তদার জুয়েল হোসেন স্থানীয় কাঁচামাল ব্যবসায়ীদের কাছে প্রতি ধারা (পাঁচ কেজি) বিক্রি করলেন ২০ টাকায়। অর্থাৎ মণপ্রতি করলা ৬০ টাকায় কিনে বিক্রি করলেন ১৬০ টাকায়। আর স্থানীয় কালীবাড়ি বাজারের কাঁচামাল ব্যবসায়ী সোহরাব হোসেন খুচরা ক্রেতাদের কাছে সেই করলা বিক্রি করলেন প্রতি কেজি ১০ থেকে ১২ টাকা দরে।
গত শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের পাইকারি সবজি আড়তে গিয়ে দেখা গেছে, আশপাশের গ্রাম থেকে সবজিচাষিরা রিকশা, ভ্যান, নসিমন ও করিমনে করে নানা ধরনের সবজি বিক্রির জন্য নিয়ে আসছেন। আর পাইকারেরা নিজেদের নির্ধারিত দরে সেই সবজি কিনে নিচ্ছেন। চাষিদের কাছ থেকে পাইকারেরা সবজি কেনার পর করলা বিক্রি করছেন প্রতি ধারা ২০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, বরবটি ৪৫ টাকা ও বেগুন ৪০ টাকা। অথচ কালীবাড়ি বাজার, গৌধূলি বাজার ও বাসস্ট্যান্ড বাজারে গিয়ে দেখা গেছে, প্রতি কেজি করলা খুচরা বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকা, চিচিঙ্গা ১৬ থেকে ১৮ টাকা, ঢ্যাঁড়স ১২ থেকে ১৪ টাকা, বেগুন ১৪ থেকে ২০ টাকা ও শসা ১০ থেকে ১২ টাকা।
সবজির আড়তদার পরিমল সরকার বলেন, ‘আমরা সবজির দাম জোটবদ্ধ হয়ে নিয়ন্ত্রণ করি না। কৃষককের কাছ থেকে সব সময় ন্যায্য দরেই সবজি কিনে ক্রেতাদের সরবরাহ করি। এখানে যখন সবজির সরবরাহ বেশি থাকে তখন দর পড়ে যায়। এ কারণে সবজির দরে পার্থক্য দেখা যায়।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের উপপরিচালক বেলায়েত হোসেন বলেন, কৃষকেরা ফড়িয়াদের খপ্পরে পড়ে কম দামে সবজি বিক্রি করতে বাধ্য হন। আর ফড়িয়ারা সেসব সবজি ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করে অধিক লাভবান হচ্ছেন।