হাত বাড়ালেই মাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে প্রকাশ্যেই মাদক বিক্রি ও সেবন চলছে। শহরের লক্ষ্মীপুর মহল্লায় গত পাঁচ বছরে মাদকের ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে তিনজন খুন হয়েছে। মোটরসাইকেলে করে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক এনে নারীদের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, স্টেশনবাজারে মাছবাজারের পেছনে একটি ঘরে নিয়মিত গাঁজা সেবনের আসর বসে। এ এলাকায় গাঁজা ও ফেনসিডিল সহজেই পাওয়া যাচ্ছে। লাশকাটা ঘর বস্তি এলাকার নাজমুল, উজ্জল, রাজু ও আলামীন ফেনসিডিল বিক্রি করে। এ ছাড়া এ এলাকায় হেরোইন বিক্রি করছেন সালমা ও রিমা (২৭)। কুষ্টিয়া অঞ্চল থেকে গোয়ালন্দ, ফরিদপুরের চুনাঘাটা বেড়িবাঁধ হয়ে লক্ষ্মীপুর মহল্লায় এবং যশোর থেকে ফরিদপুর পুরোনো বাসস্ট্যান্ড, লঞ্চঘাট সেতু হয়ে মাদক আসে শহরে।পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল জলিল জানান, স্টেশনবাজার এলাকায় নূরুল ইসলাম নামের এক ব্যক্তি গাঁজা বিক্রি করেন। অম্বিকাপুর এলাকা থেকে মোটরসাইকেলে করে মাদক নিয়ে এসে ব্যবসায়ীরা কয়েকজন নারীর মাধ্যমে প্রতিদিনই লাশকাটা ঘর বস্তি এলাকা ও রেলের পাশে বস্তিতে ফেনসিডিল বিক্রি করান। শহরের গোয়ালচামট মহল্লার বিসর্জনঘাট এলাকার মো. আয়নাল ও মো. লালন গাঁজার ব্যবসা চালাচ্ছেন। শহরের পূর্ব খাবাসপুরের লঞ্চঘাট ও তালতালা এলাকায় ফেনসিডিলের ব্যবসা জমজমাট। চোরাই পথে ফেনসিডিল আনার পর লঞ্চঘাট, কুমার নদের পার ও জহুরুল হক চক্ষু হাসপাতালের পেছনের মাঠে মাটির নিচে পুঁতে রাখা হয়। তা বিক্রি করা হয়। হাবিব নামের এক ব্যক্তি এ ব্যবসা পরিচালনা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই এলাকার (৪ নম্বর ওয়ার্ড) পৌর কাউন্সিলর ইদ্রিস মোল্লা বলেন, ‘আমরা এলাকাবাসীকে নিয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেও মাদক নির্মূল করতে পারিনি। তারপরও নীরবে চলছে মাদকের ব্যবসা।’শহরের আলীপুরের ইসলামী কমিউনিটি হাসপাতালের আশপাশে, রেডক্রিসেন্ট মার্কেট, আলীপুর উদয়ন ক্লাবসংলগ্ন এলাকায় প্রকাশ্যে মদ, ফেনসিডিল ও হেরোইন বিক্রি এবং সেবন করতে দেখা যায়। ফরিদপুর মেডিকেল কলেজের সামনে এবং ফরিদপুর জেনারেল হাসপাতালের সামনের ব্রহ্মসমাজ মোড়ে মাদক বিক্রি হতে দেখা যায়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের পরিদর্শক জাকিরুজ্জামান জানান, গত ১ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ফরিদপুর জেলায় ৭৫টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ ছাড়া ১৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ জনকে তাৎক্ষণিক সাজা দেওয়া হয়েছে।জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলেছি। প্রতি মাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নিচ্ছি। এ ছাড়া অব্যাহত রেখেছি জনসচেতনতামূলক কার্যক্রম।’ ফরিদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার বিজয় বসাক বলেন, ‘অন্য যেকোনো সময়ের চেয়ে ফরিদপুরে মাদকবিরোধী কার্যক্রম জোরালো রয়েছে। এ কারণে এর ইতিবাচক ফল আমরা পাচ্ছি।’