তিন দিন আগে হামলার শিকার হওয়া আওয়ামী লীগের সাংসদ এম এ লতিফ হাসিমুখে হাত বাড়িয়ে দিলেন মহিউদ্দিন চৌধুরীর দিকে। মহিউদ্দিন চৌধুরী সেদিকে তাকালেন না। শুধু লতিফের হাত স্পর্শ করলেন। কোনো কথাও হলো না তাঁদের। চট্টগ্রাম বন্দরের দরপত্র নিয়ে বিরোধে জড়িয়ে পড়ার পর গতকাল রোববার মহিউদ্দিন-লতিফ প্রথম মুখোমুখি হলেন এভাবেই। গতকাল রোববার চট্টগ্রাম সার্কিট হাউসে উপদেষ্টা কমিটির সভায় তাঁরা মুখোমুখি হন। বেলা সোয়া ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। গতকালের বৈঠকে উপদেষ্টা কমিটির ৪৬ সদস্যের অর্ধেকই উপস্থিত ছিলেন না। চট্টগ্রামের সাংসদেরা উপদেষ্টা কমিটির সদস্য হলেও লতিফ ছাড়া কেউ আসেননি। মহিউদ্দিন ও লতিফের বিরোধের জের ধরে উপদেষ্টা কমিটির সভা শুরুর আগে সার্কিট হাউসের ফটকে পুলিশ মোতায়েন করা হয়। সার্কিট হাউসের সামনের সড়কে বন্দরকেন্দ্রিক মহিউদ্দিন চৌধুরীর দাবি নিয়ে মাইকিংও করে তাঁর অনুসারীরা। বাইরের এসব উত্তাপ ছিল না বৈঠকে। বৈঠকের শেষ দিকে সভাস্থল থেকে বেরিয়ে লতিফ অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, ‘সাবেক মেয়রের (মহিউদ্দিন চৌধুরী) সঙ্গে সালাম বিনিময় হয়েছে। তবে কোনো কথা হয়নি।’ তিনি বলেন, ‘মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে আমার রাজনৈতিক ও ব্যক্তিগত কোনো বিরোধ নেই। তাঁর কিছু পদক্ষেপের বিষয়ে ব্যবসা-বাণিজ্য গতিশীল রাখার স্বার্থে দ্বিমত করেছিলাম।’ বৈঠক শেষে মহিউদ্দিন চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। বৈঠকে মহিউদ্দিন চৌধুরী ১০ দফা প্রস্তাব দিলেও সেগুলো নৌমন্ত্রী পড়ে শোনান। বৈঠক শেষে নৌমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের বলেন, ‘আপনারা লিখেছিলেন, মহিউদ্দিন চৌধুরী ও শাজাহান খানের দ্বন্দ্ব। আমি খুব বিস্মিত হয়েছি। মহিউদ্দিন ভাই আমাদের শ্রদ্ধেয় নেতা। উনি নগর আওয়ামী লীগের সভাপতি, আমিও আওয়ামী লীগের একজন কর্মী। উনার সঙ্গে আমার দ্বন্দ্ব থাকার কথা নয়।’