পরিত্যক্ত ঘোষণার তিন বছর পরও ঝিনাইদহের কালীগঞ্জ কাঁচাবাজারের শেডের নিচে ঝুঁকি নিয়ে চলছে বেচাকেনা। এতে দেড় শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী ও ক্রেতাদের জীবনের ঝুঁকি সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে শেডের ছাদ ধসে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ পৌরসভা সূত্রে জানা যায়, উপজেলা শহরের সবচেয়ে বড় এবং প্রধান এই কাঁচাবাজারের ভবনটি ১৯৮৭-৮৮ অর্থবছরে নির্মিত হয়। ‘হাট-চাঁদনি’ বলে পরিচিত এই শেডের নিচে দেড় শতাধিক দোকান রয়েছে। বেশির ভাগই শাকসবজি, চাল ও মুদির দোকান। শেডের দুই পাশে রয়েছে আরও দুটি টিনশেড। একটিতে আটা-ময়দা আর অপরটিতে মাছ ও মাংস বিক্রি হয়ে থাকে। তবে প্রায় ৪৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত মূল ভবনটি বর্তমানে ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। ২০১৩ সালের ২ মে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে পৌরসভা কর্তৃপক্ষ।
বাজার চাঁদনি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ভবনটি নির্মাণেই গলদ ছিল। ছাদের পাশ দিয়ে রেলিং করায় বৃষ্টির সময় পানি জমে থাকে। ফলে অল্প সময়ে ভবনটি নষ্ট হয়ে গেছে।
গতকাল রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। ছাদের অনেকাংশে পলেস্তারা নেই। ব্যবসায়ীরা গা বাঁচাতে মাথার ওপরে বাঁশের খুঁটি লাগিয়ে চাটাই দিয়ে রেখেছেন। চাটাইয়ের ওপরে থরে থরে পড়ে আছে পলেস্তারা।
মুদি দোকানদার সুভাষ দত্ত বললেন, তিনি ১৫ বছর এখানে ব্যবসা করছেন। এত ঝুঁকি নিয়ে ব্যবসা করা যায় না। হাতে কেনাবেচা করলেও বেশির সময় চিন্তা ও চোখ থাকে ছাদের দিকে। কখন কী ঘটে যায়, সেই আতঙ্ক।
চাল ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, ‘মাঝেমধ্যে মনে হয় দোকান ফেলে চলে যাই। জীবন হাতের মুঠোয় নিয়ে তো আর ব্যবসা করা যায় না। কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা নেই। ফলে জীবনের ঝুঁকি নিয়ে এখানেই পড়ে আছি।’
ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেল, ২০১০ সালের ২৫ অক্টোবর নিজ দোকানে বসে ছিলেন চাল ব্যবসায়ী অজয় কুমার। হঠাৎ ছাদের একটি অংশ ধসে তাঁর মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। ওই সময় আরও দুজন গুরুতর আহত হন। মাঝেমধ্যেই এমন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
বাজার চাঁদনি ব্যবসায়ী সমিতির সভাপতি আফজাল হোসেন বলেন, ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের জন্য তাঁরা পৌরসভায় একাধিকবার ধরনা দিয়েছেন। কিন্তু কোনো ফল হচ্ছে না।
কালীগঞ্জ পৌরসভার প্রকৌশল বিভাগের প্রধান আবদুল ওহাব বলেন, ২০১৩ সালে ভবনটি পরিত্যক্ত ঘোষণার পর ব্যবসায়ীদের সরে যেতে বলা হয়। কিন্তু বিকল্প নেই বলে তাঁরা মারাত্মক ঝুঁকি নিয়েই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, পৌর কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ ভবনটি ভেঙে চারতালা ভবন নির্মাণের পরিকল্পনা নিয়েছে। সেখানে নিচে থাকবে কাঁচাবাজার, ওপরে হবে বিভিন্ন মার্কেট। কিন্তু এ জন্য যে অর্থ দরকার, তা পৌরসভা জোগান দিতে সক্ষম নয়। তাই এর প্রশাসনিক অনুমোদন চেয়ে গত ৪ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। অনুমোদন এলে তাঁরা নকশা তৈরি করবেন। এরপর অর্থ বরাদ্দের আবেদন করা হবে।