হাত ভাঙেনি বলে মামলা নেয়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলীতে গত বৃহস্পতিবার রাতে মারধরে তুষার হোসেন (১৪) নামের এক কিশোর আহত হয়েছে। পরিবার বলছে, তুষার মানসিক প্রতিবন্ধী। কিন্তু থানার পুলিশ এ ঘটনায় কোনো মামলা নেয়নি।তুষারের চাচা মিরাজ হোসেন প্রথম আলোকে বলেন, তুষার পরিবারের সঙ্গে পূর্ব জুরাইনের মুরাদপুর হাইস্কুল রোড এলাকার এক বাসায় থাকে। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সে বাসার পাশে ঘুরতে যায়। এ সময় সে মো. রাব্বী নামের এক ব্যক্তির পিঠে হাত দিয়ে স্পর্শ করে। এতে ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তাকে কিলঘুষি মারে। একপর্যায়ে ইট দিয়ে ছেঁচে তার বাঁ হাতে জখম করে। পরে স্থানীয় লোকজন তুষারকে উদ্ধার করে বাসায় পাঠিয়ে দেয়।মিরাজ হোসেন অভিযোগ করেন, গতকাল শুক্রবার সকালে এ ঘটনা শোনার পর তিনি তুষারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকি ৎসা শেষে বিচার চাইতে রাব্বীর বাসায় গেলে ওই বাড়ির লোকজনও তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে। এরপর তিনি কদমতলী থানায় মামলা করতে গেলে থানার সেকেন্ড অফিসার রেজাউল হাসান তাঁকে বলেন, ‘মামলা করার মতো কিছুই হয়নি। আপনি সাধারণ ডায়েরি করেন।’ পরে তিনি সাধারণ ডায়েরি করতে বাধ্য হন।জানতে চাইলে রেজাউল হাসান প্রথম আলোকে বলেন, তুষারের হাত ভাঙেনি বলে মামলা নেওয়া হয়নি।