সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া মরিয়ম বেগমের নামে পাঁচ লাখ টাকার স্থায়ী আমানত (এফডিআর) করে দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা নারী পক্ষ ও সংকল্প ট্রাস্ট।
বরগুনার পাথরঘাটায় গত সোমবার এক অনুষ্ঠানে এফডিআরের কাগজপত্র তাঁর কাছে হস্তান্তর করা হয়। সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য দেন পাথরঘাটা পৌর মেয়র মল্লিক মোহামঞ্চদ আইউব, নারী পক্ষের প্রকল্প ব্যবস্থাপক সামিয়া আফরীন, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সংকল্প ট্রাস্টের পরিচালক মনিরুজ্জামান, ফাতিমা পারভীন প্রমুখ।
ভবনধসের ঘটনায় মরিয়ম প্রাণে বেঁচে গেলেও তাঁর ডান হাতটি সম্পূর্ণ কেটে ফেলতে হয়েছে। স্বামী পরিত্যক্তা মরিয়ম বেগমের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কালিবাড়ী গ্রামে। রানা প্লাজা ধসের ৩৮ ঘণ্টা পর তাঁকে উদ্ধার করা হয়।