হাতকড়া পরাতেই আসামির মৃত্যু!
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামির হাতে হাতকড়া পরানোর পর পরই তিনি মারা গেছেন। গত শনিবার রাতে উপজেলার গুলিসাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) তৈমুর ইসলাম মারামারির একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি চান মিয়া তালুকদার (৫৫) ও তাঁর চাচাতো ভাই আহসান তালুকদারকে গ্রেপ্তার করতে যান। এ সময় চান মিয়া ওই মামলায় আদালত থেকে জামিনে আছেন বলে জানান। এর পরও পুলিশ তাঁর হাতে হাতকড়া পরায়। এরপরই তিনি চেতনা হারিয়ে ফেলেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, চান মিয়াকে মৃত অবস্থায় আনা হয়। ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মল্লিক বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে চান মিয়ার লাশের সুরতহাল করা হয়েছে। মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি।