হাতকড়াসহ আসামির পলায়ন আবার গ্রেপ্তার
সুনামগঞ্জে একটি উপজেলা থেকে জেলা সদরের জেলহাজতে নিয়ে আসার পথে হাতকড়াসহ নদীতে ঝাঁপ দিয়ে
এক আসমি পালিয়ে যান। গতকাল শনিবার সকালে জেলার জামালগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে। পরে বিকেলে
পুলিশ ওই আসামিকে আবার গ্রেপ্তার করে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পুলিশ জানায়, জেলার ধরমপাশা থানা পুলিশ গ্রেপ্তার করা আসামি অপু মিয়াকে (২৫) জেলহাজতে নিয়ে আসার
জন্য শুক্রবার রাতে লঞ্চযোগে সুনামগঞ্জ জেলা সদরের উদ্দেশে রওনা দেয়। গভীর রাতে লঞ্চটি সুরমা নদীর
জামালগঞ্জ উপজেলার কামলাবাজ গ্রাম এলাকায় এলে হঠাৎ অপু মিয়া হাতকড়াসহ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে
যান। গতকাল বেলা সাড়ে তিনটার দিকে জামালগঞ্জ থানার পুলিশ ধরমপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের
জয়শ্রী গ্রাম থেকে এলাকাবাসীর সহায়তায় হাতকড়াসহ অপুকে গ্রেপ্তার করে।
জামালগঞ্জ থানার ওসি মিজানুল হক জানান, অপু মিয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে।