হাতকড়া পরা অবস্থায় গুলিবিদ্ধ, পরে মৃত্যু
হাতকড়া পরা অবস্থায় মোহাম্মদ মাহাদী (৩৮) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে রূপনগর থানা এলাকায় মিরপুর থানার পুলিশের সঙ্গে কয়েকজন যুবকের ‘বন্দুকযুদ্ধে’ তিনি গুলিবিদ্ধ হন।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন দাবি করেন, বন্দুকযুদ্ধ চলাকালে পুলিশের হেফাজতে থাকা মাহাদী দৌড় দেন। এতে তাঁর বুকে ও মাথায় গুলি লাগে। ওসি বলেন, নিহত মাহাদী একজন সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে ১৬টি মামলা আছে। গতকাল সকালে মিরপুর থানার পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে বরিশালের স্বরূপকাঠি থেকে গ্রেপ্তার করে। থানায় এনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, রূপনগর বেড়িবাঁধ এলাকায় প্রিয়াংকা শুটিং স্পটের সামনেই তাঁর সহযোগীদের অবস্থান।এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল মাহাদীকে নিয়ে ওই এলাকায় গেলে তাঁর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় হাতকড়া পরা অবস্থায় মাহাদী দৌড় দিলে তাঁর সহযোগীদের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে রূপনগর থানার পুলিশ রাত ১২টার দিকে মাহাদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র জানায়, মাহাদীকে নিয়ে আসা রূপনগর থানার এক পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, তাঁরা বেড়িবাঁধ থেকে মাহাদীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। হাসপাতাল সূত্র জানায়, ৮ জুলাই মিরপুরের একটি পোশাক কারখানার পরিচালক ফজলুর রহমান নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসেন। তখন তিনি ও তাঁর সঙ্গে আসা লোকজন সাংবাদিকদের জানিয়েছিলেন, চাঁদা না দেওয়ায় মাহাদী নামের এক সন্ত্রাসী তাঁকে গুলি করেছেন।