হাতকড়া পরা আসামি ট্রাকের নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার এক যুবক পুলিশি হেফাজত থেকে পালিয়ে যাওয়ার সময় হাতকড়া পরা অবস্থায় ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে নিহত যুবকের পরিবারের অভিযোগ, টাকা না পেয়ে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।
ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ীর কোমরপুর এলাকায় গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। নিহত রিপন চন্দ্র দাস (১৯) গাইবান্ধার সুন্দরগঞ্জের হাতিয়া মাঝিপাড়া গ্রামের বাসিন্দা। একই ইউনিয়নের লক্ষ্মীপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন তিনি।
পুলিশ জানায়, হাতিয়া মাঝিপাড়া গ্রামের বাবলু চন্দ্রের ছেলে রিপনের সঙ্গে প্রতিবেশী এক ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই ছাত্রীর পরিবার অন্যত্র মেয়ের বিয়ে ঠিক করে। এরপর ওই ছাত্রীকে নিয়ে ২৯ মে বাড়ি থেকে পালিয়ে বগুড়ার কাহালু উপজেলার পৌর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন রিপন। এ ঘটনায় মেয়ের বাবা সুন্দরগঞ্জ থানায় ৩১ মে রিপনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণের অভিযোগে মামলা করেন।
সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজু মিয়াসহ কয়েকজন পুলিশ বৃহস্পতিবার দুপুরে রিপনকে গ্রেপ্তার করে বগুড়া থেকে। এসআই রাজু মিয়া বলেন, বগুড়া থেকে হাতকড়া পরিয়ে গাইবান্ধায় রওনা দেওয়ার পর ঢাকা-রংপুর মহাসড়কের মহাস্থানগড় থেকেই প্রস্রাব করার কথা বলছিলেন রিপন। বেলা সোয়া তিনটার দিকে পলাশবাড়ী উপজেলার গোপীনাথপুর এলাকায় মাইক্রোবাস পৌঁছার পর রাস্তার পাশে গাড়ি থামিয়ে তাঁকে প্রস্রাব করতে বলা হয়। কিন্তু সুযোগ বুঝে হাতকড়া পরা অবস্থায় পালানোর চেষ্টা করেন রিপন। এ সময় বগুড়া থেকে রংপুরগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তবে রিপনের বাবা বাবলু চন্দ্র দাসের অভিযোগ, ‘সুন্দরগঞ্জ থানার এসআই রাজু মিয়া আমার কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ঘুষের টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে এসআই রাজু রিপনকে হাতকড়া পরিয়ে একটি মাইক্রোবাসে তোলেন। প্রায় তিন ঘণ্টা পর পুলিশের মাইক্রোবাসের চালক ফোন করে আমাকে বলেন, ‘রিপন ট্রাকচাপায় মারা গেছে।’ বাবলু অভিযোগ করেন, মেয়ের বাবার দ্বারা প্রভাবিত হয়ে পুলিশ পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে হত্যা করে দুর্ঘটনা বলে চালিয়ে দিচ্ছে।
তবে রিপনের বাবার এই অভিযোগ অস্বীকার করেছেন এসআই রাজু। সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান বলেন, সড়ক দুর্ঘটনাতেই হাতকড়া পরা অবস্থায় আসামির মৃত্যু হয়েছে। তবে হাতকড়া পরানো আসামিকে একা ছেড়ে দেওয়াটা ঠিক হয়নি। ওই এসআইয়ের দায়িত্ব পালনে শিথিলতা ছিল।