হাতকড়াসহ আসামির পলায়ন
গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ এক আসামি পালিয়েছে। পলাতক আসামি হলেন রফিকুল ইসলাম (২৮)। তিনি গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকার তসলিম উদ্দিন বেপারীর ছেলে।প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মিটু শেখ তাঁর সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বিকেলে সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করতে যান। এ সময় আসামি রফিকুল পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে তাঁর আত্মীয়ের ঘরে ঢুকে যান। পুলিশ পিছু ধাওয়া করে ওই আত্মীয়ের ঘর থেকে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর থানায় নিয়ে আসার সময় সদর উপজেলার ওমর আলীর টেক থেকে কৌশলে তিনি হাতকড়াসহ পালিয়ে যান। পুলিশ হাতকড়া পরিয়ে তাঁকে নিয়ে আসার সময় পরনের কাপড় ঠিক করে দেওয়ার কথা বলে তাঁর আত্মীয় তাঁকে পালাতে সুযোগ করে দেন।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, আসামি পালিয়ে গেছে, তা ঠিক আছে। তবে হাতকড়াসহ নয়।