হাতকড়াসহ এক আসামির পলায়ন
লালমনিরহাটের হাতীবান্ধা থানা হাজতখানা থেকে গতকাল মঙ্গলবার ভোরে মিলন (২৫) নামের এক আসামি হাতকড়াসহ পালিয়েছেন।
থানা-পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, উপজেলার সিংঙ্গীমারী ইউনিয়নের ধুবনী গ্রামে গত সোমবার রাত আটটার দিকে মিলনকে একটি ছাগলসহ মুঠোফোন চুরির সময় আটক করেন স্থানীয় লোকজন। পরে গ্রাম পুলিশের কাছে তাঁকে সোপর্দ করা হয়। গ্রাম পুলিশ স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মাধ্যমে তাঁকে থানায় সোপর্দ করেন। থানার হাজতে থাকা মিলন গতকাল ভোর ছয়টার দিকে টয়লেটে যেতে চান। এ সময় দায়িত্বরত পুলিশ কনস্টেবল মতিয়ার তাঁকে হাতকড়াসহ পাশে থাকা টয়লেটে নিয়ে যান। টয়লেট থেকে ফেরার পথে মিলন ওই কনস্টেবলকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ থানার দেয়াল টপকে পালিয়ে যান।
আসামি মিলনের পালায়নের বিষয়টি টের পেয়ে থানায় দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপরিদর্শক (এএসআই) সইদুল হতবাক হয়ে যান। পরে খবরটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের অন্য কর্মকর্তাদের জানানো হয়।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, মিলন দিনাজপুরের ফুলহাট গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে জানতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে এ প্রতিবেদন লেখা (সন্ধ্যা ছয়টা) পর্যন্ত পুলিশ তাঁকে ধরতে পারেনি।
এ ব্যাপারে থানার এসআই নূরে আলম গতকাল সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মিলনকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।