হাতকড়াসহ পালিয়ে যাওয়া সেই বখাটে গ্রেপ্তার
রংপুরের তারাগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া সেই বখাটে বাবু মিয়াকে (১৯) গত সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। তারাগঞ্জ থানার পুলিশ তাকে সয়ার ইউনিয়নের বুড়িরহাট চিলাপাক গ্রাম থেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ১২ জুন স্কুল তারাগঞ্জ সোনালী ব্যাংকের মোড়ে কুর্শা কাজীপাড়া গ্রামের ওমর আলীর ছেলে বাবু মিয়া সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে লাঞ্ছিত করে। স্থানীয় সূত্র জানায়, গত ২৩ জুলাই সন্ধ্যায় পুলিশ বাবু মিয়াকে তারাগঞ্জ বাজারের চৌপথী মোড় জামে মসজিদের সামনে থেকে গ্রেপ্তার করে হাতকড়া লাগায়। একপর্যায়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে সে পালিয়ে যায়। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, বখাটে বাবু মিয়াকে ২৩ জুলাই আটক করার পর হাতকড়া লাগানো হলে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়া হয়। পুলিশ গত সোমবার সন্ধ্যায় বাবু মিয়াকে আটক করে গতকাল মঙ্গলবার জেলহাজতে পাঠিয়েছে।