হাতপাখাতে ঘুরছে ভাগ্যের চাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চন্দনাইশের জিহ্‌স ফকির পাড়ায় হাতপাখা তৈরিতে ব্যস্ত কারিগরেরা l প্রথম আলো
চট্টগ্রামের চন্দনাইশের জিহ্‌স ফকির পাড়ায় হাতপাখা তৈরিতে ব্যস্ত কারিগরেরা l প্রথম আলো

চৈত্রের মাঝামাঝি সময় থেকে গ্রামে হাতপাখার কদর বাড়তে থাকে। তীব্র গরমে দেহ ও মনে স্বস্তির পরশ বুলিয়ে দেয় হাতপাখা। দেশীয় ঐতিহ্য ও সংস্কতির কারণে শহরের লোকজনও হাতপাখাকে দূরে ঠেলে দেননি। ৫০ বছরের বেশি সময় ধরে চট্টগ্রামের চন্দনাইশের জিহ্স ফকির পাড়া এবং নগরপাড়া গ্রামের প্রায় পাঁচ শ পরিবারের বেঁচে থাকার বড় অবলম্বন এই হাতপাখা। বংশপরম্পরায় তাঁরা এ পেশায় যুক্ত রয়েছেন। এখানকার কারিগরেরা বাঁশ-বেত-তালপাতা এবং কাপড় দিয়ে বর্ণিল নকশার হাতপাখা
তৈরি করেন।
জিহ্স ফকির পাড়ার বাসিন্দা আবুল কালাম হাতপাখা তৈরির কাজ করছেন প্রায় ৪০ বছর ধরে। হাতপাখা বিক্রি করে সন্তানদের লেখাপড়ার পাশাপাশি বাড়ি তৈরির জন্য কিনেছেন চার শতক জায়গা। প্রতি বছর এ সময়ে প্রায় দেড় লাখ টাকার হাতপাখা বিক্রি করেন। তাঁর তৈরি হাতপাখা আড়ং ও ব্র্যাকের মাধ্যমে দেশের বাইরেও পাঠানো হয়েছে। এলাকার দুস্থ নারীদের হাতপাখা তৈরিতে প্রশিক্ষণও দেন তিনি। তাঁর কাছে হাতপাখা তৈরির প্রশিক্ষণ নেওয়া গৃহবধূ সামিনা খাতুন ও ফরিদা ইয়াসমিন বলেন, স্বাবলম্বী হওয়ার প্রয়োজনে তাঁরা প্রশিক্ষণ নিচ্ছেন।
একই গ্রামের আবদুল করিমের (৭০) পুরো পরিবার হাতপাখা বানায়। তিনি বলেন, সাত-আট বছর বয়স থেকে হাতপাখা তৈরির কাজে যুক্ত তিনি। তাঁর বাপ-দাদারাও এ পেশায় ছিলেন। এখন তাঁর ছেলে, পুত্রবধূ ও নাতিরাও এ কাজ করছেন। করিমের বড় ভাই মমতাজ মিয়া (৭৫) বলেন, এখানকার বয়স্ক পুরুষ ও মহিলারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাতপাখা তৈরির কাজ করেন।
জিহ্স ফকির পাড়ার গ্রামের বাসিন্দা চন্দনাইশ পৌরসভার কাউন্সিলর শাহাদাত হোসেন বলেন, দুই গ্রামের বেশির ভাগ পরিবার কেবল হাতপাখা তৈরি করেই জীবিকা নির্বাহ করেন। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে তাঁদের জীবনমান আরও উন্নত হবে।
গ্রামের বাসিন্দা শাহেদা বেগম বলেন, হাতপাখা বিক্রির আয় দিয়ে তিনি পাকা ঘর তৈরি করেছেন। এ কাজ না জানা থাকলে না খেয়ে মরতে হতো তাঁকে। প্রতিদিন গড়ে তিনটি হাতপাখা তৈরি করেন। খরচ বাদে দিনে দু শ টাকার মতো আয় হয় তাঁর।একেকটি হাতপাখা গড়ে ১২০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বিক্রি করেন তাঁরা।
নগরপাড়ার মনোয়ারা বেগম বলেন, স্বামী-স্ত্রী মিলে তাঁরা দিনে তিনটি হাতপাখা তৈরি করেন। এর আয় দিয়ে সংসারের খরচ জোগানোর পাশাপাশি ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ মেটান।
এলাকার বাসিন্দা আবু জাফর বলেন, ‘হাতপাখা বানিয়ে পাকা ঘর করেছি, ধার-দেনা শোধ করেছি এবং গরু কিনেছি। তবে সরকারিভাবে ঋণ সহায়তা পেলে আরও স্বাবলম্বী হতে পারতাম।’
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, জিহ্স ফকির পাড়া ও নগরপাড়ার তৈরি করা হাতপাখা পাইকারেরা কিনে নেন। পাশাপাশি বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান সরাসরি গ্রামে এসে হাতপাখা কিনে নিয়ে যান। এসব হাতপাখা চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। পাঁচ ধরনের এবং অন্তত ২০টি ডিজাইনের হাতপাখা তৈরি করেন এখানকার কারিগরেরা। এর মধ্যে রয়েছে তালপাখা, নকশিপাখা ও স্টারপাখা। উপহারসামগ্রী থেকে শুরু করে ঘর সাজানো, ব্যাবসা প্রতিষ্ঠানের হালখাতা, বিয়ের দাওয়াতপত্রেও তালপাতার হাতপাখা ব্যবহার করেন অনেকে।
চট্টগ্রামের হাতপাখার পাইকারি ব্যবসায়ী সন্তোষ কুমার নাথ জানান, চন্দনাইশের এ দুটি গ্রাম থেকে প্রতিবছর ২০-৩০ লাখ টাকার হাতপাখা কেনেন তিনি। বিশেষ করে গরমের সময় সারা দেশেই এসব হাতপাখার চাহিদা রয়েছে। আরেক ব্যবসায়ী হারাধন নাথ বলেন, চন্দনাইশের হাতপাখার গুণগত মান ভালো। দেখতে তা নজরকাড়া। তিনিও প্রতিবছর পাঁচ-ছয় লাখ টাকার হাতপাখা এ গ্রাম থেকে কেনেন।
কারিগরেরা বলেন, হাতপাখা তৈরির প্রধান উপকরণ হলো তালপাতা, বাঁশ ও বেত। বনাঞ্চল ধ্বংস হওয়ায় বাঁশের সংকট রয়েছে। গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে তালগাছ। এ জন্য প্রয়োজনে সরকারিভাবে বাঁশ উৎপাদন বৃদ্ধি করার তাগিদ দিয়েছেন তাঁরা। কারিগরেরা বলছেন, বিভিন্ন এনজিওর কাজ থেকে ঋণ নিয়েও অনেক সময় বেকায়দায় পড়তে হয় তাঁদের। সরকারিভাবে সহজ শর্তে ঋণ ও প্রশিক্ষণ পেলে এ শিল্প দীর্ঘদিন টিকে থাকবে বলে জানান তাঁরা।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজিদা শরমিন বলেন, জিহ্স ফকির পাড়া এবং নগরপাড়ার হাতপাখার কারিগরেরা সহজ শর্তে যাতে ঋণ পেতে পারে, সে ব্যাপারে উদ্যোগ নেবেন তিনি।