হাতপাখায় ভাগ্যবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট গ্রামের কয়েকজন নারী হাতপাখা তৈরিতে ব্যস্ত। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
রংপুরের তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট গ্রামের কয়েকজন নারী হাতপাখা তৈরিতে ব্যস্ত। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

রান্না করার পাশাপাশি চলছে হাতপাখা তৈরির কাজ। উঠানে বিশ্রামের সময় গল্প করতে করতেও চলছে পাখার কাজ। অলস সময় না কাটিয়ে যখনই সময় পাচ্ছেন, বসে পড়ছেন তালপাখা তৈরির কাজে। ১০ বছরের শিশু থেকে ৮০ বছরের বৃদ্ধা পর্যন্ত করছেন এ কাজ।
সম্প্রতি রংপুরের তারাগঞ্জ উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে সয়ার ইউনিয়নের বুড়িরহাট গ্রামে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। গ্রামটির তিন শতাধিক নারী হাতপাখা তৈরির কাজ করে ভাগ্য বদল করেছেন।
পাখা তৈরির কারিগর সোলেমা খাতুন বলেন, ঘুরানি, পকেট, হরতন, মোড়া, এক ডান্টা, ধাড়াইসহ বিভিন্ন আঞ্চলিক নামে এসব পাখা তৈরি করা হয়। পাখা তৈরিতে মূলত তালপাতা, বাঁশ, লোহার তারকাঁটা, সুই-সুতা ও রং ব্যবহৃত হয়। প্রথমে শুকানো তালপাতা চার-পাঁচ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হয়। তালপাতা পানি থেকে তুলে বাঁশের কঞ্চি লাগিয়ে রোদে শুকাতে হয়। এরপর রাতে খোলা আকাশের নিচে রেখে সকালে ধারালো ছুরি দিয়ে কেটে তালপাতার চারদিকে গোলাকার করা হয়। পরে পাখায় সুই-সুতার কাজ করা হয়। এরপর রং দিয়ে চোখজুড়ানো নানা নকশা করা হয়।
আরেক কারিগর ফরিজুন আক্তার বলেন, চৈত্র থেকে আশ্বিন মাস পর্যন্ত পাখার বেচাকেনা ভালো হয়। কার্তিক ও অগ্রহায়ণ মাসে গ্রামের পুরুষেরা বিভিন্ন উপজেলা ঘুরে তালপাতা সংগ্রহ করেন। একটি তালপাতা তারা পাঁচ-ছয় টাকায় গাছের মালিকদের কাছ থেকে কিনে আনেন। একেকটি তালপাতা দিয়ে ১০ থেকে ১৪টি পর্যন্ত পাখা তৈরি করা যায়। পাইকারেরা গ্রামে এসে এ পাখা কিনে নিয়ে যায়। প্রতিটি পাখা তৈরিতে খরচ হয় দুই থেকে তিন টাকা। বিক্রি করা হয় আট থেকে দশ টাকা। একজন দিনে ৩০-৩৫টি পাখা তৈরি করতে পারেন।
কথা হয় গৃহবধূ সোনালি খাতুনের সঙ্গে। তিনি বলেন, তাঁর স্বামী মেনারুল হোসেন জুয়া খেলতেন। তিনি ঝিয়ের কাজ করে সংসার চালাতেন। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ১০ বছর আগে তিনি হাতপাখা তৈরি শুরু করেন। এখান থেকে উপার্জিত অর্থ দিয়ে দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। ২৮ শতক জমি কিনেছেন, বাড়িতে তুলেছেন তিনটি টিনের ঘর। মেনারুল হোসেন জুয়া ছেড়ে এখন পাখা বিক্রয়ের ব্যবসা করেন।
ফারজানা খাতুনের ভিটেমাটি ছাড়া কিছু ছিল না। এখন টিনের বাড়ি, ২৭ শতক জমিও আছে। গাছপালা ঘেরা বাড়িতে হাঁস, মুরগি, গাভি, ছাগল লালন-পালন করেন। পাখা তৈরি করে তিনি মাসে চার হাজার টাকা আয় করছেন।
মিনারা খাতুনের বিয়ে হয় ১৩ বছর বয়সে। ভূমিহীন স্বামীর আয়ে সংসার চলত না। দুই সন্তানকে নিয়ে প্রায়ই উপোস থাকতে হতো। এখন পাখা তৈরির আয়ের টাকায় সংসার চলছে, স্বামীর আয় জমা থাকছে। ২২ শতক জমি কিনেছেন, খড়ের ঘরের জায়গায় তুলেছেন টিনের ঘর। আছে হাঁস-মুরগি, গাভি-ছাগল।
সয়ার ইউিপর চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, আগে ওই গ্রামের মানুষের কষ্টের শেষ ছিল না। পাখা তৈরি করে ওই গ্রামের মানুষ ভাগ্য বদল করেছে।