হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে আহত ৩
যশোরের শার্শা উপজেলার শিবনাথপুর গ্রামে গতকাল শুক্রবার সন্ধ্যায় একটি বাড়িতে হাতবোমা তৈরি করার সময় বিস্ফোরণে তিনজন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১০টি বোমা উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন আবুল কাসেম (৪৫), লুত্ফর রহমান (৩০) ও ইব্রাহিম (২৮)। আবুল কাসেমকে পুলিশ হেফাজতে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।
পুলিশ ও গ্রামবাসীর ভাষ্য, বিকেল চারটার দিকে শিবনাথপুর গ্রামে এক বাড়ির সিঁড়ির নিচে বসে কাসেমসহ কয়েকজন হাতবোমা বানাচ্ছিলেন। এ সময় একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে কাসেমের দুই হাতের কবজি উড়ে যায় ও চোখ ক্ষতিগ্রস্ত হয়। বোমার স্প্লিন্টারের আঘাতে বাকি দুজন আহত হন। আহত ব্যক্তিদের স্বজনেরা তাঁদের স্থানীয় ক্লিনিকে নিয়ে গোপনে চিকিত্সা দেন। পুলিশ ওই ক্লিনিক থেকে তিনজনকে আটক করে। গুরুতর আহত কাসেমকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান প্রথম আলোকে বলেন, কাসেম বোমা তৈরির দক্ষ কারিগর। তিনি সাঙ্গপাঙ্গ নিয়ে বোমা তৈরি করছিলেন। একটি বোমার বিস্ফোরণ ঘটলে তাঁরা চারজন আহত হন। তাঁদের মধ্যে তিনজনকে আটক করা হয়েছে। পাঁচজনের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।