হাতবোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধ ও জামায়াতের ডাকা হরতাল চলাকালে গতকাল সোমবার সিলেট নগরের বিভিন্ন এলাকায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। জামায়াত-শিবিরের মিছিল থেকে বেশ কয়েকটি ককটেল ও হাতবোমার বিস্ফোরণ ঘটে।
নেত্রকোনা শহরে একটি মিনিবাস পুড়িয়ে দিয়েছে পিকেটারেরা। কিশোরগঞ্জের ভৈরবে অবরোধকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির মিছিল থেকে ১০ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
সড়ক অবরোধের চেষ্টা করলে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় র‌্যাবের সঙ্গে সংঘর্ষে ১০ জন আহত হন। টাঙ্গাইলের ঘাটাইলে অবরোধকারীদের ওপর আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় ছয়জন আহত হন। এর প্রতিবাদে ওই উপজেলায় আজ মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: সকাল নয়টার দিকে নগরের আম্বরখানা-বড়বাজার ও শাহি ঈদগাহ এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় জামায়াত-শিবিরের কর্মীদের নিক্ষেপ করা ককটেলের বিস্ফোরণ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় পথচারীসহ কমপক্ষে পাঁচজন আহত হন। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকাল সাতটার দিকে নগরের পাঠানটুলা এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে টায়ার জ্বেলে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে ছোট-বড় কয়েকটি যানবাহন ভাঙচুর করেন অবরোধকারীরা। কুমারপাড়া, শাহি ঈদগাহ ও মেডিকেল এলাকায় জামায়াত-শিবির ঝটিকা মিছিল বের করে। এ সময় ওই এলাকাগুলোতে বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। সকাল সাড়ে নয়টার দিকে সিলেটের সার্কিট হাউস এলাকায় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটান শিবিরের কর্মীরা। কদমতলী এলাকায় জামায়াত-শিবির অবস্থান নিলে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে আতিকুর রহমান ও আবদুস শাকুর নামের জামায়াতের দুই নেতাকে আটক করে। পাঠানটুলা এলাকায় সড়ক অবরোধকালে শিবিরের চারজন কর্মীকে আটক করে পুলিশ।
রোববার রাত ১০টার দিকে সিলেট রেলস্টেশনে ২০-২৫ জন তরুণ রামদা, হকিস্টিক নিয়ে ঢুকে ১ নম্বর টিকিট ঘরে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এ সময় রেলের বুকিং সহকারী আবদুল জলিল ও শফিকুর রহমান আহত হন। পেট্রলবোমায় দুটি চেয়ার পুড়ে যায়। আগুন না ছড়ানোয় হামলাকারীরা টিকিট ঘরের কম্পিউটার, টেলিফোন, টিকিট রেকর্ড তছনছ এবং দরজা-জানালা ভাঙচুর করে পালিয়ে যায়।
নেত্রকোনা: নেত্রকোনা-কেন্দুয়া সড়কে জেলা শহরের কোরপাড় এলাকায় জামায়াতের ডাকা হরতাল চলাকালে পিকেটারেরা সেখানে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাস পুড়িয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ভৈরব: সকালে সাড়ে আটটায় ভৈরব-ময়মনসিংহ সড়কের কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ অবরোধের সমর্থকদের বাধা দেয়। তখন পুলিশকে লক্ষ্য করে অবরোধকারীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে অবরোধকারীরা মিছিল নিয়ে স্থানীয় রফিকুল ইসলাম মহিলা কলেজ সড়ক দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক যেতে চাইলে আবার পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। দুপুরে কুলিয়ারচরে বিদ্যুতের খুঁটি ফেলে ভৈরব-ময়মনসিংহ সড়ক অবরোধ করেন ১৮ দলের নেতা-কর্মীরা। একই সময় বাজরা বাসস্ট্যান্ড এলাকায় অবরোধকারীরা একটি ট্রাক ভাঙচুর করেন।
ময়মনসিংহ: হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আজগরের নেতৃত্বে দুপুরে বিএনপির ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। মিছিল শেষে তাঁরা আলী আজগরের বাসার সামনে বসে ছিলেন। সেখান থেকে পুলিশ ১০ জন নেতা-কর্মীকে আটক করে। হালুয়াঘাট থানার ওসি আবু মো. ফজলুল করিম বলেন, মিছিলকারীরা নাশকতার চেষ্টা করায় তাঁদের আটক করা হয়েছে।
চৌদ্দগ্রাম (কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রাম উপজেলার দত্তসার, আমজাদের বাজার, বাতিসা, আটগ্রাম, মাজার রোড, হায়দারপুল, দৌলবাড়ী ও মিয়াবাজারে শিবিরের কর্মীরা মিছিল করেন। চৌদ্দগ্রাম বাজারে শিবিরের কর্মী মিছিল বের করলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। অবরোধের সমর্থনে উপজেলা বিএনপির সভাপতি জি এম তাহের পলাশীর নেতৃত্বে নেতা-কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে অবস্থান নেন।
দাউদকান্দি (কুমিল্লা): বেলা ১১টার দিকে দাউদকান্দি উপজেলা বিএনপি ও দলের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা টায়ার জ্বালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড এলাকা অবরোধ করে রাখেন। র‌্যাবের সদস্যরা এসে অবরোধকারীদের লাঠিপেটা করেন। পরে র‌্যাবের সঙ্গে তাঁদের সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাব রাবার বুলেট ও গুলি ছোড়ে। এতে ১০ জন আহত হন।
ঘাটাইল (টাঙ্গাইল): সকালে ঘাটাইল উপজেলার ব্রাহ্মণশাসন ও হামিদপুরে অবরোধকারীদের ওপর হামলা চালান আওয়ামী লীগের সমর্থকেরা। এতে দিগলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দিগড় ইউনিয়ন বিএনপির সম্পাদকসহ দলের ছয়জন নেতা-কর্মী আহত হন। হামলাকারীরা দুটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেন। এর প্রতিবাদে আজ ঘাটাইলে অর্ধদিবস হরতাল আহ্বান করেছেন বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা।