হাতবোমা বিস্ফোরণে জামায়াত কর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে মো. আলমগীর হোসেন (২৯) নামে জামায়াতের এক কর্মী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় বারইয়ারহাট পৌরসভার ৭ নন্বর ওয়ার্ডের জামালপুরে এ ঘটনা ঘটে।
আহত মো. আলমগীর জামালপুর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে। বারইয়ারহাট পৌরসভায় শাহআমানত নামে তাঁর একটি হোটেল আছে। ঘটনার সঙ্গে সঙ্গে আহত মো. আলমগীরকে শিবিরকর্মীরা পুলিশের ভয়ে অন্যত্র সরিয়ে ফেলে। জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বোমা তৈরির বেশ কিছু সামগ্রী উদ্ধার করেছে। নাম প্রকাশ না করার শর্তে জামালপুর গ্রামের এক প্রত্যক্ষদর্শী জানান, মো. আলমগীর বারইয়ারহাট পৌর জামায়াতের সক্রিয় কর্মী। গতকাল বৃহস্পতিবার বিকেলে মো. আলমগীর নিজ ঘরে বসে হাতবোমা তৈরির সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মো. আলমগীর আহত হন। এ সময় পার্শ্ববর্তী সমীর উদ্দীন মুহুরিবাড়ির শিবিরকর্মী মো. জসীম উদ্দিন আহত মো.আলমগীরকে নিয়ে দ্রুত সটকে পড়েন। জোরারগঞ্জ থানার এসআই মো. নাজমুল হোসেন জানান, ‘মো. আলমগীরের আহত হওয়ার স্থান থেকে বেশকিছু গান পাউডারসহ বোমা তৈরির সামগ্রী উদ্ধার করা হয়েছে। আহত মো. আলমগীরসহ তাঁর সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।’