হাতব্যাগ রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর, গ্রেপ্তার দুজন রিমান্ডে
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলিনারির হাতব্যাগ চুরির মামলায় গ্রেপ্তার করা রুবেল আহমেদ ও শাওনকে গতকাল বৃহস্পতিবার এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। উদ্ধার করা হাতব্যাগটি গতকাল রাষ্ট্রদূত লিওনি মার্গারেথার কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উপকমিশনার মাশরুকুর রহমান খালেদ প্রথম আলোকে বলেন, রুবেল ও শাওনকে সাত দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত প্রত্যেককে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে রুবেল পুলিশকে বলেন, লেগুনা নামের হিউম্যান হলার চালানোর আড়ালে তিনি চুরি করে আসছিলেন। রাষ্ট্রদূতের হাতব্যাগ চুরির সময় তাঁর সঙ্গে আরও একজন ছিল।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, তাঁর সঙ্গে থাকা ব্যক্তির নাম-পরিচয় বলেছেন রুবেল। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। রুবেল তাঁর চক্রের সদস্যদের সম্পর্কেও তথ্য দিয়েছেন। জিজ্ঞাসাবাদে রুবেল বলেন, এর আগে চারবার চোরাই জিনিসপত্র তিনি বসুন্ধরা সিটিতে আইটাচ নামের মুঠোফোনের দোকানে বিক্রি করেছেন। জিজ্ঞাসাবাদে ওই দোকানের কর্মচারী শাওন বলেন, তিনি রুবেলের কাছ থেকে চোরাই মালামাল কিনতেন।
২১ নভেম্বর সন্ধ্যায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওন মার্গারেথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের একটি প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন। সেখানে মোমবাতি প্রজ্বালনের সময় তাঁর সঙ্গে থাকা হাতব্যাগটি তিনি চেয়ারে রেখে যান। সেখান থেকেই রুবেল হাতব্যাগ চুরি করে পালিয়ে যান। পরে ভিডিও ফুটেজ দেখে তাঁকে শনাক্ত করে পুলিশ।
রাষ্ট্রদূতের কাছে হাতব্যাগ হস্তান্তর: গতকাল সকালে ডিএমপির চার ঊর্ধ্বতন কর্মকর্তা গুলশানে নেদারল্যান্ডসের দূতাবাসে গিয়ে রাষ্ট্রদূত লিওনি মার্গারেথার হাতে উদ্ধার হওয়া ব্যাগটি হস্তান্তর করেন।
মাশরুকুর রহমান বলেন, ব্যাগটি ফিরে পেয়ে রাষ্ট্রদূত খুশি হন এবং ডিএমপিকে ধন্যবাদ জানান।