হাতাহাতির ঘটনায় সংবাদপত্র বিক্রেতাসহ আহত ৮
চট্টগ্রামে হাতাহাতির ঘটনায় আহত হয়েছেন ছয় সংবাদপত্র বিক্রয়কর্মীসহ আটজন। তাঁরা হলেন জাফর, কবির আহমেদ, রুহুল আমিন, সেন্টু, ফারুক, মোবারক, আনিস ও সাইদুল ইসলাম।
গতকাল সোমবার সকালে নগরের পাঁচলাইশ মিমি সুপার মার্কেটের পেছনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কবির ও ফারুক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) ইদ্রিস মিয়া প্রথম আলোকে জানান, গতকাল সকালে মিমি সুপার মার্কেটের পেছনে সাইকেলে করে যাচ্ছিলেন সেন্টু নামের এক পত্রিকা বিক্রয়কর্মী। অপর দিক দিয়ে আসছিলেন মোটরসাইকেল নিয়ে লতিফুর রহমান নামের স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি। মোটরসাইকেলের সঙ্গে সাইকেলের ধাক্কা লাগলে সাইকেলটির চাকাসহ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডতার একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে খবরটি ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন এসে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে উভয় পক্ষকে শান্ত করে।
চট্টগাম সংবাদপত্র এজেন্ট সমিতির সদস্য আবদুল খালেক অভিযোগ করে বলেন, সংবাদপত্র বিক্রেতাদের ওপর তুচ্ছ ঘটনায় হামলা চালায় স্কয়ারের লোকজন। সমিতির নেতারা এ ঘটনার নিন্দা জানিয়ে দায়ীদের বিচার দাবি করেছেন।
এ প্রসঙ্গে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড চট্টগ্রামের ডিপো ইনচার্জ মোল্লা সেকান্দর আলী প্রথম আলোকে জানান, সকালে লতিফুর রহমান নামে তাঁদের এক বিক্রয় প্রতিনিধির মোটরসাইকেলের সঙ্গে এক পত্রিকা বিক্রেতার সাইকেলে ধাক্কা লাগলে তিনি পড়ে আহন হন ও সাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিপূরণও চিকিৎসা দেবেন বলে জানান লতিফুর রহমান। এর কিছুক্ষণ পরে তাঁরা লাঠিসোঁটা নিয়ে আসেন। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি ঘটে। আনিস ও সাইদুল ইসলাম নামের তাঁদের দুই কর্মী গুরুতর আহত হন।