হাতি উদ্ধার অভিযান আবারও ব্যর্থ
ভারতের আসাম থেকে আসা বন্য হাতিটি গতকাল মঙ্গলবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ধারাবর্ষা চরে বন্যার পানিতে অবস্থান করে। সুবিধাজনক স্থানে না আসায়, ট্রাঙ্কুলাইজার গানের মাধ্যমে হাতিটিকে অচেতন করা সম্ভব হয়নি। এ কারণে উদ্ধার অভিযান আবারও ব্যর্থ হয়।
ঢাকার বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট সূত্রে জানা গেছে, হাতিটি উদ্ধারে ১৭ সদস্যের প্রতিনিধিদল তিন দিন অভিযান চালিয়ে ব্যর্থ হয়। গত সোমবার উদ্ধার অভিযান বন্ধ থাকে। পরবর্তী সময়ে ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল ও বন অধিদপ্তরের কর্মকর্তাদের সভায় সোমবার দুপুরে হাতি উদ্ধারে অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিনিধিদলটি গতকাল বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ধারাবর্ষা চরে তিন দফায় চেষ্টা চালায়।
ঢাকার বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের অসিম মল্লিক পবলেন, হাতিটি সুবিধাজনক স্থানে না আসায় ও মানুষের হইচই থাকায় ট্রাঙ্কুলাইজার গান পদ্ধতি ব্যবহার করা সম্ভব হয়নি। তবে রাত নয়টার দিকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের ভেটেরিনারি সার্জেন্ট মোস্তাফিজুর রহমান সরিষাবাড়ী এসেছেন।