হাতি উদ্ধার অভিযান স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভারতের আসাম থেকে বানের পানিতে ভেসে জামালপুরে চলে আসা বন্য হাতিটি উদ্ধারে ব্যর্থ হয়েছে সে দেশের প্রতিনিধিদল। এ অবস্থায় গতকাল রোববার সকালে অভিযান বন্ধ ঘোষণা করে তাঁরা ঢাকায় চলে গেছেন। হাতির তাণ্ডবে পাঁচটি বসতঘর তছনছ হয়েছে।
হাতিটি উদ্ধারে ৩ আগস্ট ভারতীয় বন্য প্রাণী বিশেষজ্ঞদের তিনজনের একটি দল বাংলাদেশে আসে। দলটি জামালপুরের সরিষাবাড়ীতে পৌঁছে গত বৃহস্পতিবার বিকেলে। সেই থেকে ভারতীয় ও বাংলাদেশের প্রতিনিধিদল যৌথ প্রচেষ্টায় হাতিটি উদ্ধারের চেষ্টা চালায়।
বন্যার পানিতে অবস্থান করায় চেতনানাশক ওষুধ দিয়ে হাতিটিকে অচেতন করতে ব্যর্থ হয়েছেন অভিযানে অংশ নেওয়া লোকজন। এ অবস্থায় গতকাল সকালে অভিযান বন্ধ ঘোষণা করা হয়। দুপুরে ভারতীয় প্রতিনিধিদলের তিন সদস্য আসাম রাজ্যের সাবেক প্রধান বনরক্ষক রিতেষ ভট্টাচার্য, ভেটেরিনারি সার্জন শর্মা কুশল কুনওয়ার ও উপবিভাগীয় বনরক্ষক (আইএফএস) চৌধুরী সালমান উদ্দিন ঢাকার উদ্দেশে সরিষাবাড়ী ত্যাগ করেন।
হাতিটি শনিবার রাতে সরিষাবাড়ীর ভাটারা ইউনিয়নের পাখা ডুবি গ্রামের আনজল, আবদুল আউয়াল ও মুছা মিয়ার বসতঘর তছনছ করেছে। গতকাল সকালে তাণ্ডব চালায় মাদারগঞ্জের সিধুলী ইউনিয়নের মোজাআটা গ্রামের আজিজল (৫৬) ও দুদু মিয়ার বাড়িতে।
হাতিটিকে উৎসুক মানুষ ডাঙায় উঠতে না দেওয়ায় ও তাড়া করায় উদ্ধার অভিযান বিলম্ব হচ্ছে। লোকের ভিড়ে হাতিটি বানের পানিতেই অবস্থান করছে। ফলে বানের পানি না কমা পর্যন্ত উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছে।
গত ২৭ জুলাই বন্য হাতিটি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের দুর্গম ছিন্নার চর থেকে সরিষাবাড়ীতে আসে।
ঢাকার বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের অসিম মল্লিক জানান, হাতিটিকে নজরে রাখা হয়েছে। এটি পানি থেকে ডাঙায় উঠলেই চেতনানাশক ওষুধ দিয়ে অচেতন করে উদ্ধার করা হবে।
গতকাল এ প্রতিবেদন পাঠানো পর্যন্ত সরিষাবাড়ীর ভাটারা ইউনিয়নের হরিপুর গ্রামের পাশে বানের পানিতে অবস্থান করছিল হাতিটি। সেখানে বন বিভাগের কোনো লোককে দেখা যায়নি। দীর্ঘদিন ধরে পানিতে অবস্থান করায় ও চাহিদামতো খাবার না পাওয়ায় হাতিটি দুর্বল হয়ে পড়েছে।