হাতি উদ্ধার ঘিরে যা হলো...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলাশয় থেকে অচেতন হাতিটিকে ডাঙায় তুলে জনতা। ছবি: শফিকুল ইসলাম
জলাশয় থেকে অচেতন হাতিটিকে ডাঙায় তুলে জনতা। ছবি: শফিকুল ইসলাম

হাতি উদ্ধার নিয়ে জামালপুরের সরিষাবাড়ীতে আজ বৃহস্পতিবার ছিল টান টান উত্তেজনা। চেতনানাশক ছোড়ার পর জলাশয়ে পড়ে যাওয়া, জনতার তৎপরতায় সেখান থেকে উদ্ধার পাওয়া—সবকিছু ঘিরে স্থানীয় মানুষের ছিল ব্যাপক আগ্রহ আর উদ্দীপনা।

অবশ্য এমনটা হওয়ারই কথা। হাতিটি তো আর এক বা দুই দিন ধরে বাংলাদেশে নেই! আজ বৃহস্পতিবার এ দেশে ৪৪তম দিন পার করছে সে। ভারতের আসাম রাজ্য থেকে বন্যার পানিতে ভেসে হাতিটি গত ২৮ জুন এ দেশে আসে। ব্রহ্মপুত্র নদ বেয়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে প্রবেশ করে। এরপর বগুড়ার সারিয়াকান্দি হয়ে যমুনা নদীর পানিতে ভেসে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের দুর্গম ছিন্নার চরে ১১ দিন অবস্থান করে। ২৭ জুলাই হাতিটি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় যায়। সেই থেকে হাতিটিকে উদ্ধারের চেষ্টা চলছে। বেশ কয়েকবার ব্যর্থ হওয়ার পর আজ খানিকটা সাফল্য দেখা গেল।

প্রত্যক্ষদর্শীরা জানালেন, হাতিটি আজ উপজেলার কামরাবাদ ইউনিয়নের কয়ড়া গ্রামের ডাঙায় ছিল। বেলা দুইটার দিকে চেতনানাশক ছোড়া হয়। হাতিটি তখন দৌড়ে পাশের জলাশয়ে পড়ে যায়। অচেতন হয়ে পড়ায় হাতিটি তখন তলিয়ে যেতে থাকে। তখন সেটিকে উদ্ধারে এলাকাবাসী এগিয়ে আসেন। বন অধিদপ্তরের প্রতিনিধিরা এ সময় স্থানীয় জনতাকে সহযোগিতা করেন।

চেতনানাশক দেওয়ার পর হাতিটি ডাঙা থেকে জলাশয়ে চলে যায়। পরে স্থানীয় জনতা অচেতন হাতিটিকে ডাঙায় তুলে। ছবি: শফিকুল ইসলাম
চেতনানাশক দেওয়ার পর হাতিটি ডাঙা থেকে জলাশয়ে চলে যায়। পরে স্থানীয় জনতা অচেতন হাতিটিকে ডাঙায় তুলে। ছবি: শফিকুল ইসলাম

ঢাকার বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল এবং বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট সূত্রে জানা গেছে, হাতিটি উদ্ধারের অংশ হিসেবে আজ বেলা দেড়টার দিকে বন অধিদপ্তর ঢাকার সাবেক উপপ্রধান বন সংরক্ষক তপন কুমার দে এবং ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায় জামালপুরের সরিষাবাড়ীতে পৌঁছান। এই দলে তাঁরাসহ আছেন ২০ সদস্য। গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন আবু সাইদ দুইটার দিকে বন্য হাতিটির শরীরে বন্দুকের মাধ্যমে চেতনানাশক ওষুধ দেন। মিনিট বিশেক পর হাতিটি ওই গ্রামের আবদুস সালামের বাড়ির পাশের জলাশয়ে ঝাঁপিয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বন্য হাতিটি ধীরে ধীরে জলাশয়ের পানিতে তলিয়ে যেতে থাকে। এ সময় উদ্ধারকারী বিশেষজ্ঞ দল থেকে বলা হয়, হাতিটি পানিতে তলিয়ে যাচ্ছে। তোমরা হাতিটাকে উদ্ধার করো।

এরপর কামরাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য মুকুল মিয়া ও সরিষাবাড়ী দর্পণ থিয়েটারের সাধারণ সম্পাদক আশরাফুল আলমের নেতৃত্বে পানিতে তলিয়ে যাওয়া বন্য হাতিটিকে উদ্ধারে এলাকাবাসী এগিয়ে আসেন। ডুব দিয়ে তলিয়ে যাওয়া হাতির পায়ে রশি বেঁধে দেওয়া হয়। এরপর এলাকায় দুই থেকে তিন শ লোক রশি টেনে হাতিটিকে পানি থেকে ডাঙায় তোলে। বেলা তিনটার দিকে এলাকাবাসী হাতিটিকে পানি থেকে শুকনো স্থানে উঠিয়ে আনা হয়।

চেতনানাশক দেওয়ার পর হাতিটি জলাশয়ে পড়ে তলিয়ে যেতে থাকে। ছবি: শফিকুল ইসলাম
চেতনানাশক দেওয়ার পর হাতিটি জলাশয়ে পড়ে তলিয়ে যেতে থাকে। ছবি: শফিকুল ইসলাম

মুকুল মিয়া ও আশরাফুল আলম জানালেন, হাতিটিকে পানিতে তলিয়ে যেতে দেখে তাঁরা স্থির থাকতে পারেননি। উদ্ধারকাজে যোগ দেন।

পরে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক থেকে আসা ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান হাতিটির হুঁশ ফিরিয়ে আনার জন্য ওষুধ প্রয়োগ করেন। হাতির চার পায়ে শিকল বেঁধে দেওয়া হয়। তারপর হাতিটিকে মোটা রশি দিয়ে আমগাছের সঙ্গে বেঁধে রাখা হয়। হাতিটি একটু একটু নড়াচড়া করতে থাকে। রাত নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত হাতিটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তপন কুমার দে রাত নয়টার দিকে প্রথম আলোকে বলেন, হাতিটি যেন দাঁড়াতে পারে, সে চেষ্টা চলছে। তবে এখনো হাতিটি দাঁড়াতে পা​রছে না।

ঢাকার বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের অসীম মল্লিক বলেন, দু-এক দিনের মধ্যে হাতিটিকে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে নিয়ে চিকিৎসা দেওয়া হবে।

আরও পড়ুন: