হাতি উদ্ধারে অভিযান ব্যর্থ

ভারতের আসাম থেকে বানের পানিতে ভেসে জামালপুরে চলে আসা বন্য হাতিটি উদ্ধারের প্রচেষ্টা গতকাল শনিবারও ব্যর্থ হয়েছে। ভারত ও বাংলাদেশের প্রতিনিধিদল যৌথভাবে তিন দিন ধরে হাতিটি উদ্ধারের চেষ্টা চালিয়ে আসছে। এদিকে গতকাল উদ্ধারের প্রচেষ্টা চলাকালে হাতিটির আক্রমণে আনিছুর রহমান (২৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন।
বন্য হাতিটি গতকাল সকাল থেকে জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের নলকা গ্রামের পাশে বন্যার পানিতে অবস্থান নেয়। সরেজমিনে পরিদর্শন এবং ঢাকার বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট সূত্রে জানা গেছে, হাতিটি উদ্ধারের জন্য গতকাল দুপুর ১২টায় নলকা গ্রামে উদ্ধারকারী হাতি পৌঁছায়। ভারত ও বাংলাদেশের দুই সদস্যের ভেটেরিনারি সার্জন প্রতিনিধিদল উদ্ধারকারী হাতির ওপর উঠে ট্রাঙ্কুইলাইজার গানের মাধ্যমে চেতনানাশক ওষুধ নিক্ষেপ করে হাতিটিকে উদ্ধারের চেষ্টা চালায়। তখন বন্য হাতিটি উদ্ধারকারী হাতিটিকে ধাওয়া করলে সে প্রচেষ্টা ব্যর্থ হয়। উদ্ধারের প্রচেষ্টা চলাকালে ভাটিয়ানী গ্রামের পাটখেতে লুকিয়ে থাকা আনিছুর রহমানকে বন্য হাতিটি শুঁড় দিয়ে ধরে ওপরে উঠিয়ে তাঁকে মাটিতে আছড়ে ফেলে। আহত আনিছুর রহমানকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

গত ২৮ জুন হাতিটি কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে ঢুকে কয়েকটি জেলা ঘুরে ২৭ জুলাই জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পৌঁছায়। বৃহস্পতিবার বিকেলে তিন সদস্যের ভারতীয় বন্য প্রাণী বিশেষজ্ঞ প্রতিনিধিদল সরিষাবাড়ী পৌঁছায়। গতকাল দুপুরে হাতিটি উদ্ধারের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর অভিযান বন্ধ রাখা হয়। হাতিটি সন্ধ্যা সাতটা পর্যন্ত মাদারগঞ্জের সিধুলি ইউনিয়নের ভাটিয়ানী গ্রামের পাশে ঝাড়কাটা নদীর পানিতে অবস্থান করছিল।

ঢাকার সাবেক উপপ্রধান বন সংরক্ষক তপন কুমার বলেন, বানের পানিতে থাকায় এবং মানুষ হাতিটিকে পানি থেকে ডাঙায় উঠতে না দেওয়ায় উদ্ধারে বিলম্ব হচ্ছে। ৭ নম্বর সিধুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর আলম বলেন, হাতিটি উদ্ধারে এলাকায় মাইকিং করে জনগণকে সতর্ক করা হচ্ছে; যাতে হাতিটিকে লোকজন ডাঙায় উঠতে দেয়।