হাতি উদ্ধারে তোড়জোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সাতপোয়া ইউনিয়নের দাশেরবাড়ী গ্রামে বন্যার পানির মধ্যে দাঁড়িয়ে আছে ভারত থেকে আসা বুনো হাতিটি। ছবিটি গতকাল বিকেলে তোলা l শফিকুল ইসলাম
জামালপুরের সাতপোয়া ইউনিয়নের দাশেরবাড়ী গ্রামে বন্যার পানির মধ্যে দাঁড়িয়ে আছে ভারত থেকে আসা বুনো হাতিটি। ছবিটি গতকাল বিকেলে তোলা l শফিকুল ইসলাম

ভারতের আসাম রাজ্য থেকে বন্যার পানিতে ভেসে আসা বুনো হাতিটি উদ্ধারে ভারতের বন বিভাগের তিন সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় পৌঁছেছে। প্রতিনিধিদলটি আজ হাতিটির সর্বশেষ বিচরণস্থল জামালপুরের সরিষাবাড়ীতে পৌঁছানোর কথা রয়েছে। ভারতীয় প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ বন বিভাগের তিনজন কর্মকর্তাও ওই পরিদর্শনের সময় থাকবেন। পরিদর্শন শেষে কীভাবে হাতিটিকে ভারতে ফেরত নেওয়া যায়, সেই প্রক্রিয়া চূড়ান্ত করে তঁারা কার্যক্রম শুরু করবেন।
গতকাল বুধবার দুপুরে বিমানযোগে ঢাকায় পৌঁছানো ভারতের তিন কর্মকর্তা হচ্ছেন রিতেষ ভট্টাচার্য, শর্মা কুশল কুনওয়ার ও চৌধুরী সলমান উদ্দিন। তাঁরা হাতিটি পর্যবেক্ষণ করে আগামীকাল ঢাকায় ফিরে বন বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
এ ব্যাপারে প্রধান বন সংরক্ষক ইউনুস আলী প্রথম আলোকে বলেন, ‘ভারতের বন বিভাগের প্রতিনিধিদলটি যেভাবে প্রস্তাব করবে, আমরা সেভাবেই সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।’
গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্য হাতিটি সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের দাশেরবাড়ী গ্রামে অবস্থান করছিল। আট দিন ধরে হাতিটি সরিষাবাড়ীর চরে বন্যার পানিতে ভাসছে।
গত ২৮ জুন বন্য হাতিটি ব্রহ্মপুত্র নদ বেয়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে প্রবেশ করে। এরপর বগুড়ার সারিয়াকান্দি হয়ে যমুনা নদীর পানিতে ভেসে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের দুর্গম ছিন্নার চরে ১১ দিন অবস্থান করে। ২৭ জুলাই হাতিটি সরিষাবাড়ী উপজেলায় আসে।
ঢাকার বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক জানান, বন্য হাতিটি উদ্ধারে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।