হাতি উদ্ধারে বাধা জনতার অতি উৎসাহ ও হট্টগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত থেকে আসা হাতিটি গতকাল ছিল জামালপুরের সরিষাবাড়ীর ফুলবাড়িয়া গ্রামে। ছবিটি বিকেলে তোলা l প্রথম আলো
ভারত থেকে আসা হাতিটি গতকাল ছিল জামালপুরের সরিষাবাড়ীর ফুলবাড়িয়া গ্রামে। ছবিটি বিকেলে তোলা l প্রথম আলো

বনের হাতিটিকে বনে ফিরিয়ে দিতে এত আয়োজন দেশে এবারই প্রথম। একদিকে ভারত ও বাংলাদেশের বন বিভাগের উদ্ধারকারী দল প্রস্তুত, সঙ্গে চেতনানাশক ওষুধ, ট্রাক ও যমুনা সার কারখানা থেকে আনা ক্রেনের বহর। অন্যদিকে হাতিটিকে ঘিরে উৎসুক শত শত মানুষের ভিড় ও তাদের হট্টগোল।
ভারতের আসাম থেকে বন্যার পানিতে ভেসে বাংলাদেশের লোকালয়ে চলে আসা হাতিটিকে এই পরিস্থিতির মধ্যেই গতকাল শুক্রবার সকাল থেকে উদ্ধারের চেষ্টা চলে। কিন্তু জনতার অতি উৎসাহ আর হট্টগোলের কারণে বিশাল প্রাণীটি রাত আটটা পর্যন্ত ডাঙায় উঠতে পারেনি। বন্যার পানিতেই এটি বিচরণ করে।

হাতি উদ্ধারের প্রক্রিয়া নিয়ে পরামর্শ করছেন ভারত থেকে আসা প্রতিনিধিদলের সদস্যরা l প্রথম আলো
হাতি উদ্ধারের প্রক্রিয়া নিয়ে পরামর্শ করছেন ভারত থেকে আসা প্রতিনিধিদলের সদস্যরা l প্রথম আলো

পানি থেকে ডাঙায় না উঠতে পারায় হাতিটিকে চেতনানাশক ওষুধ দিয়ে অজ্ঞান করা যায়নি। গতকাল দুই দফায় হাতিটি জামালপুরের সরিষাবাড়ীতে ডাঙায় উঠলেও প্রতিবার অতি উৎসাহী জনতার হট্টগোলের কারণে আবারও পানিতে নেমে গেছে। রাতে যখনই হাতিটি ডাঙায় উঠবে, তখনই এটিকে অচেতন করার চেষ্টা করা হবে বলে উদ্ধারকারী দলে থাকা ভারত ও বাংলাদেশের বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। গতকাল সকাল থেকে দুই দেশের ২২ সদস্যের উদ্ধারকারী দল হাতিটি উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ভারতীয় প্রতিনিধিদলের প্রধান ও আসাম রাজ্যের সাবেক প্রধান বনরক্ষক রীতেশ ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, বন্য হাতিটি উদ্ধারে বাংলাদেশের প্রধান বন সংরক্ষকের সঙ্গে আলোচনা করে চেতনানাশক ওষুধ দিয়ে অজ্ঞান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শারীরিক অবস্থা বুঝে একে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে, না গজনীর বনভূমিতে নিয়ে ছাড়া হবে, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।
গতকাল সকালে ভারত ও বাংলাদেশের বন বিভাগের উদ্ধারকারী দলটি সিদ্ধান্ত নেয়, হাতিটিকে চেতনানাশক ওষুধ দিয়ে অজ্ঞান করে ক্রেনে করে ট্রাকে তুলে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রাণীটিকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে নেওয়া হবে। তবে এর শারীরিক অবস্থা ভালো থাকলে একে গজনীর বনভূমিতে নিয়ে ছেড়ে দেওয়া হবে।