হাতি কীভাবে ডাঙায় তোলা হবে, ভাবছে ভারতীয় দল
ভারতের আসাম থেকে বন্যার পানিতে ভেসে আসা হাতিটি কীভাবে উদ্ধার করা হবে, তার কূলকিনারা খুঁজে পায়নি ভারত থেকে আসা প্রতিনিধিদল। গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভারতের বন বিভাগের প্রতিনিধিদলটি হাতির অবস্থান ও বিচরণ পর্যবেক্ষণ করেছে। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, দীর্ঘ ৩৭ দিন ধরে পর্যাপ্ত খাদ্য না পেয়ে হাতিটি অপুষ্টিতে ভুগছে। বাংলাদেশে ভেসে আসার পর থেকে এটি পানিতে অবস্থান করায় অসুস্থ হয়ে পড়তে পারে বলেও মনে করা হচ্ছে।
ভারতীয় প্রতিনিধিদলকে সহায়তা করছে বাংলাদেশ বন বিভাগের একটি দল। দুই দেশের বন বিভাগের কর্মীদের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী হাতিটিকে প্রথমে শুকনো ডাঙায় তুলতে হবে। তারপর চেতনানাশক ওষুধ দিয়ে অজ্ঞান করে সিদ্ধান্ত নেওয়া হবে, এটি ভারতে নেওয়া হবে, নাকি বাংলাদেশে হাতির কোনো পালের মধ্যে ছেড়ে দেওয়া হবে। তবে হাতিটিকে যেখানেই নেওয়া হোক না কেন, আগে একে সুস্থ করে তারপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ভারতের বন বিভাগের প্রতিনিধিদলের প্রধান রিতেশ ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ‘হাতিটি এখন পর্যন্ত যথেষ্ট ভালো আচরণ করছে। এটি জনবসতির দিকে তেড়ে যায়নি। আবার সাধারণ মানুষও হাতিটিকে খাবার দিয়ে সহায়তা করছে। ফলে আমরা আশাবাদী, একে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পারব। তবে একে বাংলাদেশের কোনো বনে ছেড়ে দেওয়া হবে, না ভারতে ফেরত নেওয়া হবে, তা নির্ভর করবে হাতিটির শারীরিক অবস্থার ওপর।’
ভারতের বন বিভাগের প্রতিনিধিদলটির পর্যবেক্ষণ অনুযায়ী, এটি পুরুষ হাতি। আসামের পাহাড়ি এলাকা থেকে আসা বুনো হাতিটি অপুষ্টিতে ভোগায় এটির পিঠের শিরদাঁড়া বেরিয়ে পড়েছে। হাতিটি পানিতে থাকায় একে চেতনানাশক দিয়ে অজ্ঞান করার আপাতত কোনো পরিকল্পনা নেই। কেননা অজ্ঞান হয়ে হাতিটি পানিতে ডুবে মারা যাওয়ার আশঙ্কাও আছে। ফলে বন্যার পানি কমে যাওয়ার জন্য প্রতিনিধিদলটি অপেক্ষা করার কথা ভাবছে। গতকাল রাত পর্যন্ত হাতিটি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার সরদারবাড়ি এলাকার একটি বন্যা–আক্রান্ত চরে অবস্থান করছিল। তবে প্রতিদিনই হাতিটি তার অবস্থান পরিবর্তন করছে। গতকাল সারা দিনে হাতিটিকে আখ ও কলাগাছ খেতে দেওয়া হয়েছে।
বাংলাদেশ বন বিভাগের প্রতিনিধিদলের সদস্য সাবেক উপপ্রধান বন সংরক্ষক তপন কুমার দে প্রথম আলোকে বলেন, ‘আমরা হাতিটি উদ্ধার করে গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার প্রস্তাব করেছি। তারপর এর শারীরিক অবস্থা বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’