হাতি তাড়াতে চার্জার বাতি
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বন্য হাতি তাড়াতে চার্জার লাইট বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে গত শুক্রবার রাতে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও, নয়াবিল, রামচন্দ্রকুড়া ইউনিয়নের পাহাড়িদের মধ্যে এ লাইট বিতরণ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে প্রতি রাতেই পোড়াগাঁও ইউনিয়নের খলচন্দা, বাতকুচি, সমশ্চুড়া, বরুঙ্গা, রামচন্দ্রকুড়া ইউনিয়নের তারানি, পানিহাতা, কালাকুমা, মায়াঘাসি, পেকামারী ও নয়াবিল ইউনিয়নের আন্ধারুপাড়া গ্রামে বন্য হাতির দল হানা দেয়। গত ৯ জুন রাতে মায়াঘাসি গ্রামের জয়নাল আবেদীন হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যান। উপজেলা পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বলেন, আলো থাকলে হাতি সাধারণত আসতে ভয় পায়। ইচ্ছা থাকলেও সব পাহাড়ে বিদ্যুৎ দেওয়া সম্ভব নয়। তাই পাহাড়িদের পরামর্শ নিয়েই তাদের মধ্যে চার্জার লাইট বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সুফল পাওয়া গেলে পাহাড়ের প্রতিটি পরিবারকে এ লাইট দেওয়া হবে।