হাতি সংরক্ষণের বিকল্প নেই
বনের সুস্বাস্থ্যের প্রতীক ভাবা হয় হাতিকে। বাংলাদেশে হাতির খাদ্যের জোগান ও বাসস্থান দিন দিন সংকুচিত হচ্ছে। জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে হাতি সংরক্ষণের কোনো বিকল্প নেই। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) হাতিকে বিশ্বজুড়ে বিপন্ন এবং বাংলাদেশে মহাবিপদাপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত করেছে।
গতকাল রোববার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে হাতি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি ও হাতি-মানুষ সংঘাত ব্যবস্থাপনা-বিষয়ক আঞ্চলিক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বন অধিদপ্তর ও আইইউসিএনের যৌথ উদ্যোগে এ কর্মশালা হয়।
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. খলিলুর রহমান। স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাশ। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন আইইউসিএনের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ইশতিয়াক উদ্দিন আহমেদ।
সভায় বক্তারা বলেন, ২০০৪ সালের এক সমীক্ষা অনুসারে বাংলাদেশে হাতির সংখ্যা ২২৭টি। হাতি সংরক্ষণের ঝুঁকিগুলো অধিকাংশই মানবসৃষ্ট। বনের ভেতর হাতির চলাচলের পথ সংকুচিত করা, বনাঞ্চল উজাড়, কৃষিজমির চাহিদা, হাতির খাদ্যসংকট ইত্যাদি কারণে বাড়ছে মানুষ-হাতির দ্বন্দ্ব-সংঘাত। ফলে এ দেশে বর্তমানে হাতি টিকে থাকার সম্ভাবনা ক্ষীণতর হচ্ছে।
বন বিভাগের তথ্য অনুযায়ী, ২০০৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত হাতি-মানুষের সংঘাতে বাংলাদেশে ২২৭ জন মানুষ নিহত হয়েছে। একই ঘটনায় মারা গেছে ৬২টি হাতি।
কর্মশালায় বক্তারা মানুষ-হাতি সংঘাত নিরসনে এলিফ্যান্ট রেসপন্স টিম গঠন, সচেতনতা বৃদ্ধি, হাতির অপছন্দের ফসল চাষ ও উচ্চপর্যায়ের কর্মশালার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক আবদুল লতিফ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল আওয়াল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আমিনুল হক চৌধুরীসহ প্রতিনিধি, উপজেলা প্রশাসন, সহব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।