হাতিটি উদ্ধারে কাল আসছে ভারতীয় দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত থেকে আসা হাতিটি গতকাল দুপুরে ছিল জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চুনিয়াপটল গ্রামে  l ছবি: প্রথম আলো
ভারত থেকে আসা হাতিটি গতকাল দুপুরে ছিল জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চুনিয়াপটল গ্রামে l ছবি: প্রথম আলো

ভারতের আসাম রাজ্য থেকে বন্যার পানিতে ভেসে জামালপুরের সরিষাবাড়ীতে আসা বন্য হাতিটি ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। পশুটিকে উদ্ধারে ভারতের তিন সদস্যের হাতি বিশেষজ্ঞ প্রতিনিধিদল আগামীকাল বুধবার সরিষাবাড়ীতে আসছে।
গত ২৮ জুন হাতিটি কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে ঢুকে কয়েকটি জেলা ঘুরে ২৭ জুলাই সরিষাবাড়ী উপজেলায় পৌঁছায়। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত হাতিটি উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া গ্রামে অবস্থান করছিল।
ঢাকার বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক জানান, হাতিটি দীর্ঘদিন বন্যার পানিতে থাকায় এবং খাবার না পাওয়ায় ক্রমেই নিস্তেজ হয়ে পড়ছে। আগামীকাল বুধবার হাতিটি উদ্ধারে ভারতের তিন সদস্যের হাতি বিশেষজ্ঞ প্রতিনিধিদল সরিষাবাড়ীতে আসছে।
ঝিনাইগাতীতে বন্য হাতির মরদেহ উদ্ধার: শেরপুর প্রতিনিধি জানান, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী সরিষাচালী গ্রাম থেকে গতকাল সোমবার একটি বন্য হাতির মরদেহ উদ্ধার করেছেন বন বিভাগের কর্মকর্তারা।
বন বিভাগের কর্মকর্তা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে এলাকাবাসী গারো পাহাড়ের গজনী সরিষাচালী এলাকায় একটি বন্য হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঝিনাইগাতীর গজনী বন বিটের কর্মকর্তারা এসে হাতিটির মরদেহ উদ্ধার করেন। পরে ঝিনাইগাতী উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা দীপক কুমার সরকারের তত্ত্বাবধানে ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় হাতিটির মরদেহ সেখানে মাটিচাপা দেওয়া হয়।
দীপক কুমার সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাতিটি সীমান্তের ওপারে আঘাতপ্রাপ্ত হয়েছিল।