হাতিটি উদ্ধারে ভারতীয় প্রতিনিধিদলও ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আসাম থেকে জামালপুরের সরিষাবাড়ীতে চলে আসা হাতিটি। ছবি: শফিকুল ইসলাম
ভারতের আসাম থেকে জামালপুরের সরিষাবাড়ীতে চলে আসা হাতিটি। ছবি: শফিকুল ইসলাম

ভারতের আসাম থেকে আসা বন্য হাতিটি উদ্ধারে ভারতীয় প্রতিনিধিদলও ব্যর্থ হয়েছে। তিন দিন অভিযান চালিয়েও হাতিটি উদ্ধার করতে না পেরে আজ রোববার দুপুরে জামালপুরের সরিষাবাড়ী ছেড়ে তাঁরা ঢাকায় চলে যান।
ঢাকার বন সংরক্ষক (বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল) অসিত রঞ্জন পাল বন্য হাতি উদ্ধারে ভারত থেকে আসা প্রতিনিধিদল অভিযান বন্ধ রেখে ঢাকায় ফিরে যাওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। ওই প্রতিনিধিদলের সদস্য আসাম রাজ্যের সাবেক প্রধান বনরক্ষক রিতেষ ভট্টাচার্য, ভেটেরিনারি সার্জন অধ্যাপক শর্মা কুশল কুনওয়ার ও চৌধুরী সালমান উদ্দিনের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
ঢাকার বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট, বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল সূত্রে জানা গেছে, বন্য হাতিটি উদ্ধারে ৩ আগস্ট ভারতীয় বন্য প্রাণী বিশেষজ্ঞ তিন সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসেন। গত বৃহস্পতিবার বিকেলে তাঁরা জামালপুরের সরিষাবাড়ীতে আসেন। কিন্তু তিন দিন ধরে হাতিটি উদ্ধারের জন্য চেষ্টা চালিয়েও তাঁরা ব্যর্থ হন।

এদিকে বন্য হাতিটি তাণ্ডব চালিয়ে পাঁচটি বসতঘর তছনছ করেছে। হাতিটি আজ রোববার সকালে পার্শ্ববর্তী মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের মোজাআটা গ্রামের আজিজুল (৫৬) ও দুদু মিয়ার বাড়িতে তাণ্ডব চালিয়ে দুটি বসতঘর তছনছ করেছে। এর আগে ভাটারা ইউনিয়নের পাখাডুবি গ্রামের আনজল, আবদুল আউয়াল ও মুছা মিয়ার তিনটি বসতঘর তছনছ করে।

জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান বলেন, বন্য হাতিটি উদ্ধারের অভিযান আজ থেকে বন্ধ রয়েছে।