হাতিটি উদ্ধারে ১৭ সদস্যের প্রতিনিধিদল সরিষাবাড়ীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজীপুরের যুক্তগাছা চরে হাতিটি  l ফাইল ছবি
কাজীপুরের যুক্তগাছা চরে হাতিটি l ফাইল ছবি

ভারতের আসাম রাজ্য থেকে আসা বন্য হাতিটি গতকাল শনিবার জামালপুরের সরিষাবাড়ীর আরও দুটি বাড়ি তছনছ করেছে।
হাতিটির ওপর নজর রাখতে ও উদ্ধার তৎপরতা চালাতে গতকাল উপজেলায় পৌঁছেছে ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, বন্য হাতিটি চার দিন ধরে সরিষাবাড়ীতে রয়েছে। কখনো সেটি লোকালয়ে আসছে। লোকজনের তাড়ায় আবার স্থানীয় ঝিনাই নদে নেমে যাচ্ছে।
গতকাল শনিবার সকালে হাতিটি সরিষাবাড়ী পৌরসভার পপুলার পাটকলের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে পাটকল কলোনির দুটি বসতঘর তছনছ করে ফেলে। তবে খাবার না পেয়ে ক্রমেই হাতিটি দুর্বল হয়ে পড়ছে।
গতকাল বিকেল পর্যন্ত এটি সরিষাবাড়ীর ধারাবর্ষা চরে অবস্থান করে। সন্ধ্যা নামার পর পাশের ঝিনাই নদের শুয়াকৈর চরে চলে যায় হাতিটি।
এদিকে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বন্য হাতিটির ওপর নজর রাখতে ও উদ্ধারের উপায় বের করতে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়, গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক ও ঢাকার বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সমন্বয়ে ১৭ সদস্যের প্রতিনিধি দল গতকাল শনিবার সরিষাবাড়ীতে আসে।
দলটির নেতৃত্বে রয়েছেন ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বন ভবনের বন্যপ্রাণী-সংক্রান্ত অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক। তিনি বলেন, হাতিটির ওপর নজর রাখছে তাঁদের দলটি।
দলে সদস্য হিসেবে কয়েকজন বন কর্মকর্তার পাশাপাশি ভেটেরিনারি সার্জন ও হাতির মাহুতও রয়েছেন। হাতিটি লোকালয়ে ঢুকলে সেটিকে অচেতন করে উদ্ধারের চেষ্টা করা হবে।
বন্য হাতিটি গত ২৮ জুন বন্যার পানিতে ভেসে ভারতের আসাম থেকে বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় প্রবেশ করে।
এরপর কয়েকটি জেলা ঘুরে ১৮ জুলাই সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার দুর্গম ছিন্নার চরে এসে ১১ দিন অবস্থান করে। এরপর ২৭ জুলাই জামালপুরের সরিষাবাড়ীর কামরাবাদ ইউনিয়নে প্রবেশ করে হাতিটি।
গত বৃহস্পতি ও শুক্রবার ইউনিয়নটির অন্তত ১০টি বাড়িঘর ও দোকানপাটে তাণ্ডব চালায় সেটি। এ ছাড়া হাতিটির আক্রমণে আহত হয়েছেন তিন ব্যক্তি।