হাতিটি এখন ছিন্নার চরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যার পানিতে ভারতের আসাম থেকে ভেসে আসা হাতিটি এখন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের ছিন্নার চরে অবস্থান নিয়েছে। হাতিটি দেখতে লোকজন ভিড় করছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় হাতিটি সারিয়াকান্দি থেকে যমুনা নদী সাঁতরে খাসরাজবাড়ী ইউনিয়ন হয়ে মনসুর নগর ইউনিয়নের যমুনা নদীর ছিন্নাই ঘাটে আসে। ইউপি সদস্য ফরিদুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকা ঘাটে ভেড়ার সময় নৌকাটি হাতির ওপরে উঠে পড়ে। এ সময় হাতিটি শুঁড় উঁচু করলে নৌকাটি ছিটকে পড়ে। যাত্রীরা দ্রুত সাঁতরে কিনারে ওঠেন।
কাজীপুর থানার উপপরিদর্শক সাইদুল ইসলাম গতকাল বিকেলে ঘটনাস্থল থেকে জানান, বর্তমানে হাতিটি চরের মাঝখানে রয়েছে। চারপাশে কয়েক হাজার মানুষ ঘিরে রয়েছে। লোকজনকে হাতিকে উত্ত্যক্ত না করার জন্য বলা হয়েছে।