হাতিটি চরেই অবস্থান করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত থেকে আসা হাতিটি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনা নদীর যুক্তগাছা চরেই অবস্থান করছে। শান্ত রয়েছে। ভারত থেকে প্রতিনিধিদল আসার পর যৌথভাবে হাতিটি উদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজ মঙ্গলবার সেখানে গিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছেন।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্য হাতিটি যুক্তগাছা চরের স্বল্প পানির মধ্যে অবস্থান করছে। কিছুটা শান্ত আছে। লোকালয়ে না আসায় ভাঙচুর বা আক্রমণের ঘটনা ঘটেনি।
বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষক অসিত রঞ্জন পাল দুপুরে চরে হাতির অবস্থান সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা-পুলিশের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, হাতিটি সুস্থ আছে। ওই চরে প্রচুর ধানগাছ রয়েছে। এ কারণে হাতিটির খাদ্যের অভাব হবে না। তবে বাইরে থেকে দর্শকের উপস্থিতি শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। তা না হলে হাতিকে আয়ত্তে রাখা কঠিন হবে। হাতিটি উদ্ধারের বিষয়ে তিনি বলেন, ভারতের বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আসাম থেকে দুটি দল বাংলাদেশে আসার জন্য কাগজপত্র পাঠিয়েছে। সেগুলো পর্যবেক্ষণও শেষ হয়েছে। প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাঁরা আসবেন। ভারত থেকে প্রতিনিধিদল আসার পর যৌথভাবে হাতিটিকে উদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে। তত দিন পর্যন্ত এই চরে হাতিটির থাকার ব্যবস্থা করতে হবে। তিনি আরও বলেন, ‘ভারত থেকে আসা প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করতে হবে বলে হাতির অবস্থান দেখার জন্য আমি এসেছি। হাতিটির মালিক ভারত। সে কারণে তাদের পরামর্শ বেশি প্রাধান্য পাবে।’
ঘটনাস্থলে হাতিটি পর্যবেক্ষণের দায়িত্বে থাকা বন্য প্রাণী পরিদর্শক অসীম মল্লিক বলেন, ‘যুক্তগাছা চরটি বেশ বড়। পানি থাকলেও প্রচুর ধানগাছ রয়েছে। হাতিটিকে বিরক্ত না করলে সে কোথাও যাবে না। বন্য হাতি সাধারণত ধানগাছ ও কাঁচা ঘাস খেতে পছন্দ করে। ভারতের দলটি এলে আমরা উদ্ধারকাজ শুরু করব। এর মধ্যে যদি হাতিটি ডাঙার দিকে এসে ক্ষয়-ক্ষতির চেষ্টা করে, তাহলে প্রয়োজনে চেতনানাশক প্রয়োগ করে ব্যবস্থা নেওয়া হবে।’
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমিত কুমার কুণ্ডু বলেন, হাতিকে দেখার জন্য বহিরাগত লোকজন যেন না আসতে পারে, সে ব্যবস্থা করা হয়েছে। এলাকায় মাইকিং করে বিষয়টি প্রচার করা হচ্ছে। হাতিকে শান্ত রাখতে বন্য প্রাণী বিভাগের কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী প্রশাসন কাজ করছে।