হাতিটি মাটিচাপা দেওয়া হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজীবপুর সীমান্তের কাছে কালাইয়ের চরে মরে পড়ে থাকা হাতিটিকে গতকাল মঙ্গলবার বিকেলে মাটিচাপা দেওয়া হয়েছে। এর আগে ভারতীয় ভেটেরিনারি চিকিৎসক ও প্রতিনিধিদল হাতিটির প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে। তারা ময়নাতদন্তের জন্য হাতিটির ফুসফুস ও কলিজা নিয়ে যায়।

ভারতের ওই প্রতিনিধিদলে ছিলেন মেঘালয় রাজ্যের তুরা ফরেস্ট রেঞ্জের রেঞ্জার আর জি মোমিন, ভেটেরিনারি সার্জন এস এম মমিন, বিএসএফ ২৬ ব্যাটালিয়নের কালাইয়ের চর সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার রিসাল সিং প্রমুখ। বাংলাদেশের পক্ষে ছিলেন ৩৩বিজিবিবালিয়ামারী সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার মোরশেদুল হক, হাবিলদার গোলাপ হোসেন, রৌমারী ও রাজীবপুর অঞ্চলের বন কর্মকর্তা ইকবাল হোসেন প্রমুখ।

জানতে চাইলে ভারতের ওই প্রতিনিধিদলের এক প্রতিনিধি বলেন, ‘হাতিটি বিষ খেয়ে বা বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। ময়নাতদন্তের পর এর সঠিক কারণ জানা যাবে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ সরকারকে লিখিতভাবে বিষয়টি জানাব।’

কালাইয়ের চরসংলগ্ন রাজীবপুর সীমান্তের মিয়াপাড়া এলাকায় গতকাল সরেজমিনে দেখা যায়, অন্য দিনের তুলনায় মানুষের সমাগম কম। কারণ, মরা হাতি দুর্গন্ধ ছড়াছে। দূর থেকে স্থানীয় লোকজন নাকে-মুখে রুমাল দিয়ে হাতি মাটিচাপা দেওয়া দেখছেন। এ সময় মিয়াপাড়া গ্রামের আলম মিয়া বলেন, কয়েক দিন ধরে হাতির দলটি বাংলাদেশের প্রবেশ করে রাজীবপুরের দুই গ্রামে ঢুকে প্রচুর গাছসহ ভুট্টা খায়। ভুট্টাখেতে প্রচুর বিষ ছিটানো থাকে। এই ভুট্টা খেয়ে হাতিটি মারা যেতে পারে।

রৌমারী ও রাজীবপুর অঞ্চলের বন কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘ভারতীয় বন বিভাগের কর্মকর্তা, ভেটেরিনারি চিকিৎসক ও বিএসএফের উপস্থিতিতে তারাই হাতিটি মাটিচাপা দেয়। আমরা শুধু উপস্থিত ছিলাম।’

এ ব্যাপারে ৩৫ বিজিবি বালিয়ামারী সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার মোরশেদুল হক বলেন, ভারতের প্রতিনিধিদল হাতিটি মাটিচাপা দিয়ে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়।