হাতিটি সরিয়ে না নেওয়ায় আতঙ্কে গ্রামবাসী
বাগেরহাটের মোল্লাহাটের বাসাবাড়ি গ্রামে আক্রমণকারী হাতিটিকে সরিয়ে না নেওয়ায় গ্রামবাসী আতঙ্কে রয়েছে।
হাতির আক্রমণে নিহত তিনজনের মধ্যে একজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই অন্য দুজনের লাশ দাফন করা হয়েছে।
গত শনিবার ভোরে পাশের জেলা গোপালগঞ্জের সদর উপজেলার ঘোনাপাড়া এলাকা থেকে ওই হাতিটি শিকল ছিঁড়ে মধুমতি নদী পার হয়ে মোল্লাহাটে যায়। সেখানে আক্রমণ চালিয়ে দুই নারীসহ তিনজনকে হত্যা করে।
আটজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক মোল্লা গতকাল রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, ঘটনার পর থেকে কাহালপুর ও বাসাবাড়ি গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। হাতির মালিকপক্ষ এখনো হাতিটিকে সরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ নেয়নি। হাতিটিকে বেঁধে রাখা হলেও তাতে ওই এলাকার মানুষ পুরোপুরি নিরাপদ নয়। যেকোনো সময় হাতিটি আবার শিকল ছিঁড়ে আক্রমণ চালাতে পারে।
নিহত তিনজন হলেন বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর গ্রামের ইয়ার আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৪৫), কাহালপুর গ্রামের যতীন্দ্রনাথ বিশ্বাসের স্ত্রী কুসুম বিশ্বাস (৬১) ও বাসাবাড়ি গ্রামের ফুলমিয়া ফকিরের ছেলে মিজানুর রহমান ফকির
(৪৫)। এর মধ্যে মনোয়ারা বেগমের লাশ ময়নাতদন্ত করে দাফন করা হয়।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম দুপুরে এই প্রতিবেদককে বলেন, ঘটনার পর থেকে পুলিশ বাসাবাড়ি গ্রামের আবুল হোসেনের বাঁশবাগান ঘিরে রেখেছে। হাতিটি যাতে নতুন করে কাউকে আক্রমণ করতে না পারে সে জন্য পুলিশ সতর্ক রয়েছে। আর নিহত তিনজনের মধ্যে দুজনের পরিবার লাশের ময়নাতদন্ত করতে রাজি হয়নি। এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি।