হাতিবান্ধায় ৮০০ ঘরবাড়ি বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারের বন্যায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। ছবিটি গতকাল সকালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বুরুজের পাড় এলাকা থেকে তোলা l প্রথম আলো
এবারের বন্যায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। ছবিটি গতকাল সকালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বুরুজের পাড় এলাকা থেকে তোলা l প্রথম আলো

লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে নির্মিত ধরলা নদীর মাটির বাঁধটি বন্যায় হুমকির মুখে পড়েছে। এই বাঁধটি ভেঙে গেলে রত্নাই ও ধরলা নদীর পানিতে কুলাঘাট ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা স্থায়ী জলাবদ্ধসহ পাশের বড়বাড়ী ও লালমনিরহাট শহরও পড়বে হুমকিতে।
এদিকে হাতীবান্ধা উপজেলায় তিস্তার পানি কিছুটা কমলেও অব্যাহত ভাঙনের মুখে পাঁচ ইউনিয়নের প্রায় ৮০০ ঘরবাড়িসহ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ভারত থেকে আসা ধরলা নদীর পানির করাল গ্রাস থেকে কুলাঘাট ইউনিয়নের বনগ্রাম ও শীবেরকুঠি মৌজার মাঝামাঝি স্থানে প্রায় ৩৫ বছর আগে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এই দুটি মৌজাসহ আশপাশের এলাকা রক্ষায় মাটির এই বাঁধটি নির্মাণ করে। বাঁধটি নির্মাণে কুলাঘাট ইউনিয়নের একটি বড় অংশ ছাড়াও পাশের বড়বাড়ী ও লালমনিরহাট পৌরসভা পানির হাত থেকে রক্ষা পেয়ে আসছে।
এদিকে গত দুই সপ্তাহের টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পানির ঢলে নির্মাণাধীন দ্বিতীয় ধরলা সড়কসেতুর লালমনিরহাট অংশে কুলাঘাট ওয়াবদা বাজারের পূর্ব দিকের সংযোগ সড়কের ২০০ মিটার ভেঙে যায়। এতে ধরলার পানিতে কুলাঘাটের পাঁচ গ্রামের আড়াই হাজার পরিবার পানিবন্দী হয়। শুধু তা-ই নয়, কুলাঘাট যাওয়ার জন্য নির্মিত একটি আধা পাকা সড়কের চার অংশে প্রায় ৪০০ মিটার ভেঙে যায়। কুলাঘাট শীবেরকুঠি ওয়াবদা বাজার থেকে পশ্চিম দিকে দেড় কিলোমিটার দূরে মন্টু আর্মির বাড়ির অদূরে ধরলা নদীর তীর রক্ষা বাঁধটির প্রায় ২০০ মিটার এলাকায় ধস নেমেছে। এই বাঁধটির ডানে ধরলা নদী আর বাঁয়ে রত্নাই নদের পানিতে নিচু জমি টইটম্বুর। বাঁধটি ভেঙে গেলে রত্নাই ও ধরলা নদীর পানিতে মানুষের ব্যাপক ক্ষতি হবে। এ ছাড়া অনেক এলাকায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হবে।
কুলাঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইদ্রিস আলী বলেন, ধরলার মাটির বাঁধ প্রয়োজনীয় সংস্কারের অভাবে অনেক স্থানে ক্ষতির মুখে পড়েছে। বাঁধটির সংস্কার করা জরুরি।
লালমনিরহাট পাউবোর নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, বাঁধটি পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি/পরামর্শ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে হাতীবান্ধা উপজেলায় তিস্তার পানি কিছুটা কমলেও অব্যাহত ভাঙনের মুখে ডাউয়াবাড়ি, গড্ডিমারী, সানিয়াজান, পাঠিকাপাড়া ও সিন্দুর্না—এই পাঁচ ইউনিয়নের প্রায় ৮০০ পরিবারের ঘরবাড়িসহ একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সহস্রাধিক পরিবার তাদের বসতভিটা হারিয়ে খোলা মাঠে ও রাস্তার ধারে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, বাড়িঘর নদীতে ভেঙে যাচ্ছে, তা দেখে গত বুধবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে মোশারফ হোসেন নামের এক কৃষক মারা গেছেন। ডাউয়াবাড়ি ইউপির চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম বলেন, নদীভাঙনে ইতিমধ্যে কিসামত নোহালী, চর নোহালী ও উত্তর ডাউয়াবাড়ি এলাকার অসংখ্য মানুষ ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। তাদের ত্রাণ দেওয়া হলেও ক্ষতিগ্রস্ত ওই পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সরকারসহ বিভিন্ন ব্যক্তি ও সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।
উপজেলা ত্রাণ ও পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আলম বলেন, ইতিমধ্যে নদীভাঙনের শিকার পরিবারগুলোকে ২০ কেজি করে ত্রাণের চাল এবং ২৫৮ পরিবারের মাঝে ১ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। ভাঙনের শিকার ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য ত্রাণ মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।