হাতিয়ায় আরও চার জলদস্যু গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা উপকূলবর্তী এলাকায় জলদস্যু দমনে পুলিশি অভিযান ‘অপারেশন হাতিয়া’র পঞ্চম দিনে গতকাল সোমবার ভোররাতে আরও চার জলদস্যুকে আটক করা হয়েছে।
আটক জলদস্যুরা হলেন নিঝুম দ্বীপের মদিনা গ্রামের মো. ফরহাদ (২৩), বুড়িরচরের বড় দেইল গ্রামের মো. বাবুল (৩০), সাগরিয়া গ্রামের মো. কালাম (২৫) ও দক্ষিণ কালিরচরের মো. ইউছুফ (৪৫)। আটক ব্যক্তিরা সবাই জলদস্যু এমরান বাহিনীর সদস্য। আটকের সময় তাঁদের কাছ থেকে তিনটি রামদা উদ্ধার করা হয়।
এ নিয়ে গত পাঁচ দিনের পুলিশি অভিযানে ২০ জন জলদস্যু আটক হয়েছে। এ ছাড়া অভিযানে পুলিশের সঙ্গে গোলাগুলিতে জলদস্যু বাহিনীর প্রধান ইউছুফ ছাড়াও গণপিটুনিতে আরও পাঁচ জলদস্যু মারা যান। এ সময় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে।
জানতে চাইলে চার জলদস্যু আটকের কথা নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান।
পুলিশ সুপার প্রথম আলোকে বলেন, হাতিয়া উপকূল দস্যুমুক্ত করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। আজ মঙ্গলবার তিনি নিজেই হাতিয়ায় গিয়ে পুনরায় অভিযানে যোগ দেবেন।
প্রসঙ্গত, হাতিয়ার মেঘনা ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরে অন্তত ২০টি জলদস্যু বাহিনীর হামলা, অপহরণ, মাছ লুটসহ নানা নির্যাতনের ঘটনায় উপকূলীয় এলাকার জেলে ছাড়াও চরাঞ্চলের মানুষেরা জিম্মি হয়ে আছে। দস্যুদের হাতে অনেক নারীও নির্যাতনের শিকার হওয়ার খবর পাওয়া যায়। যার পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ প্রশাসন ‘অপারেশন হাতিয়া’ নামে বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়।