হাতিয়ায় গণপিটুনিতে পাঁচ 'জলদস্যু' নিহত
হাতিয়ায় গণপিটুনিতে পাঁচ‘জলদস্যু’ নিহত
নোয়াখালী অফিস ও হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নে আজ শনিবার গণপিটুনিতে চারজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার আরও একজন গণপিটুনিতে নিহত হয়েছেন। এ নিয়ে মোট পাঁচজন নিহত হলেন।স্থানীয় লোকজন ও পুলিশের দাবি, নিহত ব্যক্তিরা স্থানীয় জলদস্যু বাহিনীর সদস্য।
গণপিটুনিতে আজ যাঁরা নিহত হয়েছেন তাঁরা হলেন, উপজেলার জাহাজমারা ইউনিয়নের কেফায়েত (২৫), মো. আশরাফ (৩৫), ছারোয়ার (২৭) ও ওছমান (২৮)। এছাড়া গণপিটুনিতে গতকাল শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে আলতাফ হোসেন (৩০) নিহত হন।আলতাফের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী এলাকায়।
হাতিয়া থানার উপপরিদর্শক তানভীর আহম্মদের ভাষ্য, নিহত কেফায়েতের ভাই এমরানকে (২৮) আটক করা হয়েছে। কেফায়েতের তথ্য অনুযায়ী পুলিশ জাহাজমারা ইউনিয়নের পূর্ব বিরবিরি গ্রামের খরুয়া বাড়ির পুকুর থেকে তিনটি দেশি বন্দুক ও একটি এলজি উদ্ধার করেছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম প্রথম আলো ডটকমের কাছে দাবি করেন, গণপিটুনিতে নিহত আশরাফের বিরুদ্ধে থানায় ডাকাতি, চাঁদাবাজি ও অপহরণের চার-পাঁচটি মামলা রয়েছে।তিনি জানান, আশরাফ ও আলতাফের লাশ থানায় রাখা আছে।ময়নাতদন্তের জন্য লাশ আজ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার থেকে হাতিয়ার জাহাজমারা ও বুড়িরচর ইউনিয়নে এবং গত বৃহস্পতিবার সকাল থেকে হাতিয়ার দুর্গম কালামচরে জলদস্যু দমনে অভিযান শুরু করে জেলা পুলিশের একাধিক দল।পুলিশি অভিযানের মুখে জলদস্যুরা হাতিয়ার মূল ভূখণ্ডে উঠে আসে।আজ ভোরে জাহাজমারা ইউনিয়নে গণপিটুনিতে মো. আশরাফ নামে একজন নিহত হন।দুপুরে ওই এলাকায় গণপিটুনিতে নিহত হন কেফায়েত, ছারোয়ার ও ওছমান।এ ছাড়া গতকাল রাত সাড়ে তিনটার দিকে হিল্টন মোড় এলাকায় আলতাফকে পিটিয়ে হত্যা করে স্থানীয় লোকজন।
নোয়াখালীর পুলিশ সুপার মো. আনিসুর রহমান আজ সকালে প্রথম আলো ডটকমকে বলেন, হাতিয়ার বিভিন্ন চরে পুলিশি অভিযানের মুখে জলদস্যুরা মূল ভূখণ্ডে উঠে আসছে।হাতিয়ার বিভিন্ন চর এবং মেঘনা থেকে জলদস্যুদের নির্মূল না করা পর্যন্ত এ অভিযান চলবে বলে তিনি জানান।
হাতিয়া থানার ওসি মো. খোরশেদ আলম আরও জানান, গতকাল গণপিটুনিতে একজন নিহত হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। তবে আজকের ঘটনায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে ওসি জানান।