হাতিয়ায় চিংড়ি পোনাসহ আটক সাত জনের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর বদনারচর থেকে ২০ লাখ চিংড়ি পোনাসহ আটক সাত ব্যক্তিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গত সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মো. মঈন উদ্দিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, মো. সিরাজ (৩০), মো. বাবর (২৯), সাহাব উদ্দিন (৩০), জসিম উদ্দিন (৩৩), মো. সোহেল (২৮), ইসমাল হোসেন (৩৩) ও বাহার উদ্দিন (৩০)।

ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষণার পর তাঁদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়। গতকাল মঙ্গলবার তাঁদের নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের কমান্ডার লে. রাশেদ নিজাম চৌধুরী প্রথম আলোকে জানান, হাতিয়ার চরচেঙ্গা ঘাট থেকে এমবি লিপন নামের একটি ট্রলারে করে ২০ লাখ চিংড়ি পোনা খুলনা নেওয়া হবে—এমন খবরের ভিত্তিতে তাঁরা নদীতে অভিযান শুরু করেন। রাত ১১টার দিকে মেঘনার বদনারচরে ওই ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ২০ লাখ চিংড়ি পোনাসহ সাত ব্যক্তিকে আটক করা হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, আটক ব্যক্তিদের রাতেই ইউএনওর কার্যালয়ে হাজির করা হয়। এরপর ইউএনও আবু হাসনাত মো. মঈন উদ্দিন আটক ব্যক্তিদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

প্রসঙ্গত, চিংড়ি পোনা আহরণ, বাজারজাত ও পরিবহন সরকারিভাবে নিষিদ্ধ।