হাতিয়ায় দুই জেলের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলায় আজ বুধবার ভোরে দুই জেলের লাশ উদ্ধার করা হয়েছে। বয়ারচর চেয়ারম্যানঘাট-সংলগ্ন পন্টুনের নিচে ডুবে যাওয়া ট্রলারের ভেতর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহত দুজন হলেন শরীফ উদ্দিন (১৮) ও রিয়াজউদ্দিন (১৫)। শরীফের বাড়ি লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার এলাকায়। আর রিয়াজের বাড়ি কমলনগর উপজেলার তোরাবগঞ্জে।
আজ বেলা ১১টায় ট্রলারের মালিক নীরব মাঝি এ ব্যাপারে হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
বয়ারচর চেয়ারম্যানঘাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম এবং ঘাটের মাছ ব্যবসায়ী নাহিদ ও অন্যরা প্রথম আলো ডটকমকে জানান, গতকাল মঙ্গলবার রাতে আলেকজান্ডারের নীরব মাঝির মাছ ধরার ট্রলারটি ঘাটে নোঙর করে ট্রলারের ভেতরে ওই দুই জেলে ঘুমিয়ে পড়েন। বাকি নয়জন ঘাটে দোকানঘরে ঘুমান। রাত ১২টার দিকে প্রবল জোয়ারের পানিতে এবং বাতাসের ধাক্কায় ঘাটে থাকা ট্রলারটি পন্টুনের নিচে ঢুকে পানিতে ভর্তি হয়ে যায়। এতে ওই দুই জেলে ট্রলারেই মারা যান।
লাশ দুটি বয়ারচর চেয়ারম্যানঘাটে স্থানীয় পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে।